ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) এর নবনির্বাচিত সহসভাপতি (ভিপি) এর ক্ষমতা নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
তিনি বলেন, ‘ইউনিভার্সিটির যিনি ভিপি হয়েছেন তাকে কি ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে? তিনি তিন হাজার টাকা জরিমানা আদায় করে সেটা আবার জামায়াতের বাইতুল মালে জমা দিচ্ছেন। এটার কি কোনো আইনগত ভিত্তি আছে?’
রোববার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে ‘৭ নভেম্বর প্রজন্ম’ আয়োজিত মারুফ মল্লিকের লেখা ‘বাংলাদেশি জাতীয়তাবাদের তাত্ত্বিক বিশ্লেষণ: নাগরিক ও জাতিবাদী জাতীয়তাবাদের সংকট’ শীর্ষক বইয়ের ওপর আলোচনা সভায় প্রধান বক্তার বক্তব্যে রিজভী এসব কথা বলেন।
বিশ্ববিদ্যালয় এতিমখানা নয় যে এখানে আপনি ১০০ খাট সহায়তা দিয়ে ফলাও করে প্রচারণা চালাবেন বলেও মন্তব্য করেছেন বিএনপির এই নেতা।
রিজভী বলেন, ‘বরাবরই আমরা দেখছি এদের কর্মকাণ্ড হচ্ছে রাষ্ট্রের মধ্যে আরেকটা রাষ্ট্র করা। হলগুলোতে লোহার খাট দিয়েছে। এটা কি রাজনৈতিক কোনো সংগঠন কিংবা বা ডাকসুর দায়িত্ব? বিশ্ববিদ্যালয় কোনো এতিমখানা নয়। এখানে ১০০ লোহার খাট দেবেন খাবারের ডাইনিং টেবিল দিয়ে প্রচারনা চালাবেন।’
বিএনপির জ্যেষ্ঠ এই নেতা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় গভীর ষড়যন্ত্র চলছে অভিযোগ করে বলেন, ‘একটা পরিবারের মধ্যে দুষ্টু ছেলে থাকতে পারে। সেই দুষ্টু ছেলেকে বাবা-মা শাসন করছে কি না সেটা দেখতে হবে।’
পরিকল্পিতভাবে সরকারের একজন উপদেষ্টা প্রথমে অপপ্রচার শুরু করেন, পরে একটি রাজনৈতিক দল তা ফলাও করে সামনে আনে। বিএনপির বিরুদ্ধে নানাভাবে বয়ান তৈরি করা হচ্ছে, যোগ করেন তিনি।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন অধ্যাপক সেলিম ভূঁইয়া। এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান, ইয়াসির ওয়ারদাদ তন্ময় প্রমুখ।


