ঢাকার গ্রীন রোডে একটি আবাসিক হোটেলের বাথরুম থেকে তানিয়া নবী (২৯) নামে এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে তার শরীরে কোনও জখমের চিহ্ন পাওয়া যায়নি।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে কলাবাগান থানাধীন গ্রীন রোডে হোটেল রুপসা ইন্টারন্যাশনাল থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।
নিহত তরুণীর বাড়ি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার গাবর বোয়ালীচর গ্রামে। তার বাবার নাম নুর নবী আর মায়ের নাম শামীমা আক্তার।
কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলে আশিক জানান, ওই তরুণী ১৯ এপ্রিল রাতে রুপসা হোটেলের ৪১৮ নম্বর রুমে ভাড়া উঠেছিলেন। তখন হোটেল কর্তৃপক্ষকে তিনি জানিয়েছিলেন, আইএলটিএস পরীক্ষা দিতে গ্রাম থেকে তিনি ঢাকায় এসেছেন। তবে হোটেল থেকে বের হতেন না তিনি। সবসময় দরজা জানলা আটকিয়ে রাখতেন। বৃহস্পতিবার দুপুরে হোটেল কর্তৃপক্ষ হোটেল ভাড়ার জন্য ডাকতে গেলে দরজায় নক করে কোনও সাড়া না পেয়ে দরজা ভেঙ্গে ভিতরে ঢুকে বাথরুমের প্যানের উপর মৃত অবস্থায় তাকে পড়ে থাকতে দেখেন। তখন হোটেল কর্তৃপক্ষ থানায় খবর দেন।
ওসি আরও জানান, হোটেল রুমটি থেকে ঘুমের ওষুধসহ বেশকিছু অন্য ওষুধ পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, অসুস্থতার কারণে তার মৃত্যু হয়েছে। গ্রামে থাকা নিহত তরুণীর পরিবারকে খবর দেওয়া হয়েছে।
এ ছাড়া ঘটনার বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে বলেও জানান তিনি।


