আটটি সন্তান হারিয়ে শোকে স্তব্ধ হয়ে পড়েছিল পাবনার ঈশ্বরদী উপজেলা পরিষদ চত্বরে থাকা মা কুকুর ‘টম’। নিজের ছানাদের খুঁজে বেড়াতে গিয়ে খাওয়া-দাওয়া ভুলে যায় সে। দুধে ভরা স্তন ফুলে ব্যথা বেড়ে যাচ্ছিল প্রতি মুহূর্তে।
এমন করুণ অবস্থার কথা জেনে বুধবার বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইএনও) পরামর্শে সামাজিক সংগঠন ‘ঈশ্বরদীয়ান’-এর মুখপাত্র শাহরিয়ার অমিত ও তার বন্ধুরা অন্য একটি কুকুরের জন্ম দেওয়া ছানাদের মধ্যে থেকে দুটি সংগ্রহ করে টমের কাছে নিয়ে আসেন।
ছানা দুটি কাছে দেওয়া মাত্র স্তন্যপান শুরু করে এবং টম মুহূর্তেই তাদের আপন করে নেয়।
ঘটনার সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনিরুজ্জামানসহ সরকারি কর্মকর্তা-কর্মচারী ও স্বেচ্ছাসেবকরা উপস্থিত ছিলেন।
শাহরিয়ার অমিত বলেন, ‘টমকে দেখে খুব কষ্ট হচ্ছিল। স্তন ফুলে যন্ত্রণায় কাঁদছিল সে। ইএনও স্যার পরামর্শ দেওয়ার পর আমি আমার পোষা কুকুরের দুটি বাচ্চা এনে টমের কাছে দিই। যাতে তার মাতৃত্বের যন্ত্রণা কিছুটা হলেও কমে।’
ইএনও মো. মনিরুজ্জামান বলেন, ‘টম সারা দিন অফিস চত্বর ঘুরে সন্তানদের খুঁজছিল। খুব খারাপ লাগছিল। তাই অন্য কুকুরের দুইটি বাচ্চা এনে দেওয়ার চিন্তা করি। যখন ছানাগুলো টমকে দেওয়া হলো, তার চোখে-মুখে স্বস্তি দেখেছি।’
টম এখন নতুন দুই সন্তানকে নিয়ে স্বাভাবিক আচরণ করছে, যা দেখে স্থানীয়দের মধ্যেও স্বস্তি ফিরেছে।


