টাঙ্গাইলের কালিহাতীতে ট্রেনে কাটা পড়ে একই পরিবারের ৩ জনসহ ৫ জনের মরদেহ তাদের নিজেদের বাড়িতে পৌঁছেছে।
শনিবার সকালে গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়নের নিজপাড়া গ্রামে মরদেহ আসতেই স্বজনদের আহাজারিতে ভারি হয়ে উঠেছে পুরো এলাকা।
শুক্রবার রাত ৮টার দিকে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার ধলাটেংগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মহাসড়কের পাশে রেললাইনে বসে থাকার সময় তারা ট্রেনের নিচে কাটা পড়েন।
নিহতরা হলেন, নিজপাড়া (আমবাগান) গ্রামের আজিজার রহমানের ছেলে সুলতান মাহমুদ (২৮)। তার চাচাতো বোন আব্দুর রশিদের মেয়ে রিফা রেসা (২৪), নার্গিস আক্তার (৪২), তার ছেলে নিরব (১২) এবং নিরবের বড় ভাইয়ের শাশুড়ি ও প্রতিবেশী দোলা বেগম (৪৫)। নার্গিস আক্তার ওই গ্রামের হামিদুজ্জামানের স্ত্রী। তারা একই পরিবারের সদস্য এবং পেশায় গার্মেন্টস শ্রমিক ছিলেন।
নিহতদের পরিচয় নিশ্চিত করেছেন ধাপেরহাট ইউনিয়ন পরিষদের সদস্য ও নিজ পাড়া গ্রামের বাসিন্দা শাহাদত হোসেন। তিনি বলেন, নিহতরা সবাই হতদরিদ্র পরিবারের গার্মেন্টস শ্রমিক ছিলেন।


