উজান থেকে আসা পাহাড়ি ঢলে খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার বিভিন্ন নিম্নাঞ্চল তলিয়ে গেছে। এতে সৃষ্টি হওয়া জলাবদ্ধতায় বিপর্যস্ত হয়ে পড়েছে স্থানীয়দের জনজীবন।
স্থানীয়রা জানান, চেঙ্গী নদীর পানি বেড়ে যাওয়ায় পাকুজ্যাছড়ি, মসজিদ কলোনী, চট্টগ্রাম পাড়া, ব্রিজপাড়া, সিলেটি পাড়া ও গরু বাজারসহ বিভিন্ন এলাকায় হাঁটু থেকে কোমর পানিতে ডুবে গেছে। এতে দুই শতাধিক পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। ঘরবাড়ি ডুবে যাওয়ায় বিপাকে পড়েছেন সেখানকার বাসিন্দারা।

ডুবে যাওয়া এলাকার বাসিন্দাদের জন্য ইসলামিয়া মাদ্রাসায় আশ্রয়কেন্দ্র খুলেছে উপজেলা প্রশাসন। এরই মধ্যে ১০-১২টি পরিবারের ৫০ জন সেখানে আশ্রয় নিয়েছেন। তাদের জন্য খাবার, ওষুধ ও প্রয়োজনীয় সহায়তা পৌঁছে দেওয়া হচ্ছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবু রায়হান পানিবন্দি মানুষের বাড়ি বাড়ি গিয়ে ত্রাণ সহায়তাও পৌঁছে দিচ্ছেন।
লেমুছড়ি এলাকার বাসিন্দা জ্ঞানেন্দু চাকমা ও পাকুজ্যাড়ি গ্রামের রুহুল আমিন বলেন, বৃষ্টি ছাড়াই হঠাৎ করে উজান থেকে পানি আসায় মহালছড়ির বিভিন্ন নিচু এলাকায় পানি জমে গেছে। এমনকি সিঙ্গিনালা-মহালছড়ির রাস্তা ডুবে গিয়ে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
এদিকে মঙ্গলবার সকালে কালোপাহাড় এলাকায় জমে থাকা পানিতে ডুবে জোবায়ের (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শিশুটি বাড়ির উঠানে খেলতে গিয়ে পানিতে তলিয়ে যায়।


