উচ্চ আমদানিনির্ভর পণ্য রপ্তানিকারকদের জন্য বৈদেশিক মুদ্রা সংরক্ষণের সুযোগ বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে এসব রপ্তানিকারক রপ্তানি আয়ের ১৫ শতাংশ পর্যন্ত বৈদেশিক মুদ্রা এক্সপোর্টার্স রিটেনশন কোটা (ইআরকিউ) হিসাবে সংরক্ষণ করতে পারবেন, যা এতদিন ছিল ৭ দশমিক ৫ শতাংশ।
বুধবার এ-সংক্রান্ত একটি সার্কুলার জারি করে বাংলাদেশ ব্যাংক। এতে বলা হয়েছে, অবিলম্বে কার্যকর হওয়া এ সিদ্ধান্তের ফলে উচ্চ আমদানিনির্ভর পণ্য রপ্তানিকারকরা দেশে প্রত্যাবাসিত রপ্তানি আয়ের (এফওবি মূল্য) দ্বিগুণ পরিমাণ বৈদেশিক মুদ্রা নিজেদের ইআরকিউ হিসাবে রাখতে পারবেন।
বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতিমালা অনুযায়ী, ইআরকিউ হিসাবের মাধ্যমে রপ্তানিকারকরা বৈদেশিক মুদ্রায় বিভিন্ন অনুমোদিত ব্যয় নির্বাহ করতে পারেন। নতুন সিদ্ধান্তের ফলে এসব রপ্তানিকারক বিদেশে ব্যবসায়িক ব্যয় মেটানো, কাঁচামাল আমদানিসহ বৈধ বৈদেশিক লেনদেনে আরও বেশি ডলার ব্যবহারের সুযোগ পাবেন।
সার্কুলারে বলা হয়েছে, ২০২৫ সালের ৩১ জুলাই জারি করা বৈদেশিক মুদ্রা সার্কুলার নং-৩১-এর অনুচ্ছেদ ৭৬-এর অন্যান্য নির্দেশনা অপরিবর্তিত থাকবে। নতুন সিদ্ধান্তে শুধু উচ্চ আমদানিনির্ভর পণ্য রপ্তানিকারকদের জন্য ইআরকিউতে সংরক্ষণযোগ্য বৈদেশিক মুদ্রার সীমা ৭ দশমিক ৫ শতাংশ থেকে বাড়িয়ে ১৫ শতাংশ করা হয়েছে।


