রাতে ব্যাডমিন্টন খেলে মোটরসাইকেলে বাড়ি ফিরছিল দুই বন্ধু মিরাজ ও সজিব। কিন্তু মহাসড়কে অজ্ঞাত একটি বেপরোয়া ট্রাকের চাপায় ঘটনাস্থলেই প্রাণ হারান তারা।
বুধবার রাত ১০ টার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের পাংশার আজিজ সরদার বাসস্ট্যান্ডের এলাকার ফিলিং স্টেশনের পশ্চিম কুড়াপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, পাংশা পৌরসভার কুড়াপাড়া এলাকার ইব্রাহিম শেখের ছেলে মিরাজ শেখ (১৯) ও একই এলাকার সাইদুল ইসলামের ছেলে সজীব(১৭)।
স্থানীয় সূত্রে জানা গেছে, পাংশা আজিজ সরদার বাসস্ট্যান্ডের পাশে ব্যাডমিন্টন খেলা শেষ করে মোটরসাইকেলে তারা বাড়ি ফিরছিল। মোটরসাইকেলটি পাংশা ফিলিং স্টেশনের সামনে এসে পৌঁছালে দ্রুতগামী একটি ট্রাক পিছন থেকে সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলেই সজীবের মৃত্যু হয়।
গুরুতর আহত অবস্থায় মিরাজকে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মো. রোকনুজ্জামান তাকে মৃত ঘোষণা করেন।
পাংশা হাইওয়ে থানার পরিদর্শক (ওসি) মাসুদুর রহমান মুরাদ জানান, পুলিশ ঘটনাস্থলে পৌছে মরদেহ উদ্ধার করে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে পাঠিয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনী কার্যক্রম প্রক্রিয়াধীন।


