রাজধানীর তুরাগের অলি মাতবরের বস্তিতে আগুন লাগার ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
বুধবার সন্ধ্যা ৭টা ১৩ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়, সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস। সংবাদ পাওয়ার পরপরই ঘটনাস্থলে পাঁচটি ইউনিট পাঠানো হয়। এরমধ্যে উত্তরা ফায়ার স্টেশনের দুটি এবং টঙ্গী ফায়ার স্টেশন থেকে তিনটি ইউনিট ঘটনাস্থলে যায়। তাদের চেষ্টায় আগুন দ্রুত নিয়ন্ত্রণে আসে। পরে রাত ১০টার দিকে আগুন নির্বাপন করা হয়।
অগ্নিকাণ্ডের ঘটনায় কেউ হতাহত হয়নি বলে নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ওয়্যারহাউজ ইন্সপেক্টর আনোয়ারুল ইসলাম টাইমসকে জানান, বৈদ্যুতিক গোলযোগের জন্য আগুনের সূত্রপাত। রাত ১০টা ১০ মিনিটের দিকে আগুন পুরোপুরি নির্বাপন করা হয়। আগুনে আনুমানিক ৩০টির মতো ছোট ঘর পুড়ে গেছে।


