বাংলাদেশ নৌবাহিনীর বিশেষায়িত ফোর্স ‘সোয়াডস’ কক্সবাজারের টেকনাফে এক বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিদেশি আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও মাদক জব্দ করেছে।
রোববার রাতে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের ফুলের ডেইল এলাকায় এই বিশেষ অভিযানটি পরিচালিত হয়। সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গোপন সংবাদের ভিত্তিতে নৌবাহিনীর কন্টিনজেন্ট ও সোয়াডসের দুটি সুসংগঠিত আভিযানিক দল তালিকাভুক্ত সন্ত্রাসী ভুট্টু সাইফুলের সহযোগী এম দেলোয়ার হোসেনের বাড়িতে তল্লাশি চালায়।
অভিযানে ওই বাড়ি থেকে ২টি জি-৩ রাইফেল, ১টি এমএ-১ রাইফেল, ৮টি ম্যাগাজিন, ১৯০ রাউন্ড তাজা গুলি এবং ১০টি খালি কার্তুজ জব্দ করা হয়। এ ছাড়া পাচারের উদ্দেশ্যে মজুত রাখা ২৮ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করেন নৌবাহিনীর সদস্যরা।
পরবর্তীতে জব্দকৃত সকল অস্ত্র, গোলাবারুদ ও ইয়াবা আইনানুগ ব্যবস্থার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করা হয়েছে। মাদক, সন্ত্রাসবাদ ও অস্ত্র চোরাচালান দমনে টেকনাফসহ উপকূলীয় এলাকায় নৌবাহিনীর এই বিশেষ নজরদারি ও কঠোর অভিযান অব্যাহত থাকবে বলে বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে।


