গুলশানের নিজ বাসভবনে পরিবারের সদস্যদের সঙ্গে পবিত্র ঈদ উদযাপন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় খালা-খালু, মামা-মামীসহ নিকট আত্মীয়দের সঙ্গে তিনি মধ্যাহ্নভোজে অংশ নেন।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, প্রধানমন্ত্রী পরিবারের সদস্যদের সঙ্গে কিছু সময় কাটান এবং একসঙ্গে মধ্যাহ্নভোজ উপভোগ করেন।
এর আগে রাষ্ট্রীয় অতিথি ভবন ‘যমুনা’-য় ঈদের শুভেচ্ছা বিনিময় শেষে প্রধানমন্ত্রী শেরে বাংলা নগরে যান। সেখানে তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত করেন।
এ সময় উপস্থিত ছিলেন প্রয়াত আরাফাত রহমান কোকোর সহধর্মিণী সৈয়দা শামিলা রহমান, তাদের দুই কন্যা জাহিয়া রহমান ও জাফিয়া রহমান, জুবাইদা রহমানের মা সৈয়দা ইকবাল মান্দ বানু, বোন শাহিনা জামানসহ পরিবারের অন্যান্য সদস্যরা। এ ছাড়া উপস্থিত ছিলেন বেগম খালেদা জিয়ার বোন সেলিনা ইসলাম এবং ছোট ভাই শামীম ইস্কান্দার।
শেরে বাংলা নগর থেকে গুলশান অ্যাভিনিউর বাসায় ফিরে প্রধানমন্ত্রী কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।


