কক্সবাজারের টেকনাফে পাহাড়ি এলাকায় সন্ত্রাসীদের দুই গ্রুপের মধ্যে ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে ওই এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত বাহারছড়া ইউনিয়নের পূর্ব জুম্মাপাড়া পাহাড়ি এলাকায় এ গোলাগুলির ঘটনা ঘটে। আগের দিন বুধবার রাতেও একই এলাকায় ২০ থেকে ৩০ রাউন্ড গুলির শব্দ শোনা গেছে।
স্থানীয় সূত্র জানায়, জুম্মাপাড়া পাহাড়ি এলাকায় সক্রিয় অপহরণকারী ও মানবপাচার চক্রের দুই গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রায়ই গোলাগুলির ঘটনা ঘটে।
বাহারছড়া ইউনিয়ন পরিষদের সদস্য মো. ইলিয়াস বলেন, ‘বৃহস্পতিবার সন্ধ্যায় জুম্মাপাড়া এলাকার পূর্ব পাহাড়ে সন্ত্রাসীদের দুই গ্রুপের মধ্যে গুলিবিনিময়ের ঘটনা ঘটেছে। এর আগের দিন সন্ধ্যাতেও একই ধরনের ঘটনা ঘটে। এলাকার মানুষ এখন চরম আতঙ্কে রয়েছে।’
বাহারছড়া পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা দুর্জয় বিশ্বাস বলেন, ‘গোলাগুলির খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’
স্থানীয়দের আশঙ্কা, পাহাড়ি এলাকায় সশস্ত্র সন্ত্রাসীদের তৎপরতা অব্যাহত থাকলে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বড় ধরনের সহিংসতা ও অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হতে পারে।
এদিকে গত মঙ্গলবার সকালে একদল সশস্ত্র সন্ত্রাসী ছয়জন কৃষককে অপহরণ করে গহীন পাহাড়ের ভেতরে নিয়ে যায়। ঘটনার তিন দিন পেরিয়ে গেলেও তাদের কোনো সন্ধান মেলেনি।


