বাংলাদেশের চলচ্চিত্রের গান নিয়ে আয়োজন করা হয়েছে বিশেষ সংগীত আসর ‘গান গেয়ে পরিচয়’।
সংগীত সংগঠন জলতরঙ্গের আয়োজনে এই আসর বসবে শুক্রবার সন্ধ্যা ৬টায় ঢাকার বাংলামোটর এলাকার বিশ্বসাহিত্য কেন্দ্রের ইসফেন্দিয়ার জাহেদ হাসান মিলনায়তনে।
আয়োজকরা বলছেন, বাংলাদেশের চলচ্চিত্রের কালজয়ী গানের সাথে জড়িয়ে আছে কিংবদন্তি সব গীতিকার, সুরকার, শিল্পী ও বাদ্যযন্ত্রী। এ বছর বাংলাদেশের চলচ্চিত্র পা দিয়েছে তার সাত দশকে। দীর্ঘ সত্তর বছরের পথ পরিক্রমায় সংগীতের নানাবিধ রূপান্তর ঘটেছে। ষাট, সত্তর ও আশির দশকের যে ‘সোনালী যুগ’ তা বাংলাদেশের চলচ্চিত্রের এক অমূল্য সম্পদ।
জলতরঙ্গের প্রত্যাশা, সোনালী যুগের মতোই এখনকার গানগুলোও সেই আবেদন তৈরি করবে।
এবারের আসরে জলতরঙ্গের শিল্পীরা চলচ্চিত্রের গানের বিভিন্ন তথ্যসহ ধারাবাহিকভাবে একুশটি গান পরিবেশন করবেন।
একক, দ্বৈত ও সমবেত কন্ঠে ‘পিচঢালা এই পথটারে’, ‘দুটি পাখি একটি ছোট্ট নীড়ে’, ‘ডাকে পাখি খোলো আঁখি’, ‘আবার এলো যে সন্ধ্যা’, ‘আমার বুকের মধ্যখানে’, ‘আকাশের হাতে আছে একরাশ নীল’, ‘পাখির বাসার মতো দুটি চোখ তোমার’, ‘মানুষ ধর মানুষ ভজ’সহ কালোত্তীর্ণ সব গান পরিবেশন করা হবে।
অনুষ্ঠানে সংগীত পরিচালনা করবেন জলতরঙ্গের সাধারণ সম্পাদক জাকির হোসেন তপন।


