৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা শুক্রবার। সকাল ১০টা থেকে ঢাকাসহ আট বিভাগীয় শহরের ১৯০টি কেন্দ্রে একযোগে শুরু হবে এই পরীক্ষা। চলবে দুপুর ১২টা পর্যন্ত।
সরকারি কর্ম কমিশনের (পিএসসি) তথ্য অনুযায়ী, এই পরীক্ষায় অংশ নেবে ২ লাখ ৯০ হাজার ৯৫২ পরীক্ষার্থী।
এই বিসিএস থেকে সরকারি চাকরিতে ২ হাজার ১৫০ কর্মকর্তা নিয়োগের কথা রয়েছে।
পরীক্ষার্থীদের সকাল সাড়ে ৯টার মধ্যে হলে নিজ কেন্দ্রে প্রবেশের নির্দেশনা দিয়েছে পিএসসি।
পরীক্ষাকেন্দ্রে বই-খাতা, কোনো ধরনের ঘড়ি, ক্যালকুলেটর, মোবাইল ফোন, ইলেকট্রনিক ডিভাইস, ব্যাংক কার্ড সদৃশ কোনো ডিভাইস, গয়না, চাবি ও কোনো ধরনের ব্যাগ বহন করা যাবে না।


