ঢাকার টিকাটুলিতে সড়ক দুর্ঘটনায় ওমর ফারুক (৩৮) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি যুক্তরাষ্ট্রের স্থায়ী নাগরিক।
শুক্রবার সকাল ৯টার দিকে ওয়ারী-টিকাটুলি মোড়ে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) নেওয়া হলে সকাল ১০টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালের জরুরি বিভাগের আনসার সদস্য, পুলিশ ও কর্মচারীরা জানান, সকালে মিলন নামে এক সিএনজি অটোরিকশাচালক গুরুতর আহত অবস্থায় ওমর ফারুককে হাসপাতালে নিয়ে আসেন।
মিলন চিকিৎসকদের জানান, ওই ব্যক্তি ওয়ারী-টিকাটুলি মোড়ে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন। স্থানীয়রা তাকে মিলনের অটোরিকশায় তুলে দেন। তবে জরুরি বিভাগে আনার পর আহত ব্যক্তিকে নামিয়ে অটোরিকশাটি হাসপাতাল প্রাঙ্গনে ফেলে রেখে কৌশলে সেখান থেকে পালিয়ে যান মিলন।
এদিকে, খবর পেয়ে হাসপাতালে এসে নিহতের পরিচয় শনাক্ত করেন তার বড় বোন শিরিন আক্তার। তিনি জানান, ওমর ফারুক যুক্তরাষ্ট্রের স্থায়ী নাগরিক। স্ত্রী, তিন মেয়ে ও মাকে নিয়ে তিনি যুক্তরাষ্ট্রে থাকতেন । তাদের বাড়ি মাদারীপুরের শিবচর উপজেলার আজগরগাঁও কান্দি গ্রামে। তার বাবা মৃত গোলাম কুদ্দুস।
নিহতের পরিবার জানায়, গত মাসের ২৮ তারিখে ওমর ফারুক বাংলাদেশে আসেন। চলতি মাসের ২০ তারিখ সকালে তার যুক্তরাষ্ট্রে ফেরার ফ্লাইট ছিল। দেশে এসে টিকাটুলির ‘হোটেল সুপার লিমিটেডে’ উঠেছিলেন। সেখান থেকে পশ্চিম ধোলাইপাড়ায় বড় বোনের বাসায় যাতায়াত করতেন। এদিন সকালে ফোনে তার মৃত্যুর খবর পান স্বজনরা।
ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক জানান, ঘটনার তদন্ত করছে ওয়ারী থানা পুলিশ।


