ভোটে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয় পাওয়ায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছে পাকিস্তান ও চীন।
শুক্রবার বাংলাদেশের পাকিস্তান হাইকমিশন অফিসিয়াল ফেসবুক পেজ থেকে এক পোস্টে তারেক রহমানকে অভিনন্দ জানায়। এতে বলা হয়, পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি বলেছেন, ‘বাংলাদেশের গণতান্ত্রিক আকাঙ্ক্ষার প্রতি পাকিস্তানের পূর্ণ সমর্থন রয়েছে এবং নতুন সরকারের সঙ্গে বাণিজ্য, প্রতিরক্ষা ও সাংস্কৃতিক বিনিময়সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা জোরদার করতেও আগ্রহী পাকিস্তান।’
তিনি আরও আশা করেন, ঢাকায় নতুন রাজনৈতিক পরিবেশ গোটা অঞ্চলে আরও ভারসাম্যপূর্ণ, স্বাধীন ও পারস্পরিক সম্মানভিত্তিক সম্পর্ক গড়ে তুলতে সহায়ক হবে।
বিএনপি ও তারেক রহমানের বিজয়ে অভিনন্দন জানিয়েছে ঢাকার চীনা দূতাবাস শুক্রবার বেলা ১১টার দিকে তাদের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে এক পোস্টে এই শুভেচ্ছাবার্তা দেয়।
পোস্টে বলা হয়, ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও সফলভাবে সম্পন্ন করার জন্য বাংলাদেশের জনগণ এবং নির্বাচনে এগিয়ে থাকার জন্য বিএনপিকে অভিনন্দন। আমরা বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে একসাথে কাজ করার এবং চীন-বাংলাদেশ সম্পর্কের নতুন অধ্যায় লেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি।’


