টানা দরপতনের পর দেশের বাজারে আবারও সোনার দাম বেড়েছে। এতে ভালো মানের ২২ ক্যারেট সোনার দাম প্রতি ভরিতে সর্বোচ্চ ২ হাজার ২১৬ টাকা বাড়িয়ে নতুন দাম ২ লাখ ৩০ হাজার ৭৭২ টাকা নির্ধারণ করা হয়েছে।
এর আগে, চলতি মাসের ৩ তারিখ সোনার দাম কমানো হয়েছিল। পরে এক সপ্তাহের ব্যবধানে ১৯ তারিখ সোনার দাম বাড়ানো হয়। তারও এক সপ্তাহ পর গত শনিবার সোনার দাম কমানো হয়। পরে দুইদিনের ব্যবধানে সোমবার আবারও দেশের বাজারে সোনার দাম কমানো হয়।
এরপর মঙ্গলবার সোনার দাম প্রতি ভরিতে সর্বোচ্চ ২ হাজার ২১৬ টাকা কমানোর পর বুধবার একই পরিমাণ দাম বাড়িয়ে সোনার নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।
বুধবার সকালে বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং এন্ড প্রাইস মনিটরিং-এর এক জরুরি সভায় নতুন দামের এ সিদ্ধান্ত নেওয়া হয়, যা সকাল ১০টা থেকে সারাদেশে কার্যকর হয়েছে।
নতুন দাম অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ লাখ ২০ হাজার ৩৯১ টাকা, ১৮ ক্যারেটের দাম ১ লাখ ৮৯ হাজার ২৪৮ টাকা ও সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৫৪ হাজার ৬০৬ টাকা।
আজ সোনার দাম বাড়ার আগপর্যন্ত ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ছিল ২ লাখ ২৮ হাজার ৫৫৬ টাকা। ২১ ক্যারেটের দাম ২ লাখ ১৮ হাজার ২৯২ টাকা, ১৮ ক্যারেটের দাম ১ লাখ ৮৭ হাজার ৪৪০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম লাখ ৫৩ হাজার ১৪৮ টাকা ছিল।
বাজুস জানিয়েছে, মূলত বিশ্ববাজারে সোনার দাম বেড়ে যাওয়ায় দেশের বাজারেও সোনার দাম বাড়িয়েছে জুয়েলার্স সমিতি। পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে নির্ধারিত নতুন এ দাম কার্যকর থাকবে। সোনার বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট যুক্ত থাকায় গ্রাহকদের কাছ থেকে নতুন কোনো ভ্যাট আদায় করা যাবে না। তবে কারিগররা গয়নার ডিজাইন অনুযায়ী মজুরি রাখতে পারবেন।
এর আগে, গত ২৬ সেপ্টেম্বর থেকে মঙ্গলবার পর্যন্ত তিন দফায় দেশের বাজারে সোনার দাম ৬ হাজার ৬৫ টাকা কমানো হয়েছিল।
দেশের ইতিহাসে সোনার দাম সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায় চলতি বছরের ২৯ জানুয়ারি। এদিন সোনার দাম একলাফে ভরিতে ১৬ হাজার ২১৩ টাকা বেড়ে ২ লাখ ৮৬ হাজার টাকায় দাঁড়ায়। এ বছর এখন পর্যন্ত দেশের বাজারে ১১৭ বার সোনার দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৫৯ দফা দাম বাড়ানো হয়েছে, ৫৭ দফা কমানো হয়েছে এবং একবার ভ্যাট সমন্বয় করা হয়েছে।
সোনার দাম বাড়লেও দেশের বাজারে রুপার দাম অপরিবর্তিত রয়েছে। সে অনুয়ায়ী ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৪ হাজার ৩১৬ টাকা, ২১ ক্যারেটের এক ভরি রুপার দাম ৪ হাজার ১৪১ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি রুপার দাম ৩ হাজার ৫৫৮ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম ২ হাজার ৬৮৩ টাকায় কেনা বেচা হচ্ছে।


