ঝালকাঠির রাজাপুরে ইটবোঝাই ট্রলি খাদে পড়ে তানভীর ইসলাম (১৮) নামে এক হেলপার নিহত হয়েছেন। রোববার সকাল ১০টার দিকে ঝালকাঠি-ভান্ডারিয়া আঞ্চলিক মহাসড়কের কানুদাসকাঠি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত তানভীর ইসলাম ঝালকাঠি সদরের বাসন্ডা ইউনিয়নের পিপলিতা গ্রামের বাসিন্দা।
দুর্ঘটনার তথ্যটি নিশ্চিত করেছেন রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন বিশ্বাস।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, ঝালকাঠির এআরএম ব্রিকস থেকে ইট বোঝাই করে চারটি ট্রলি ভান্ডারিয়ার যাওয়ার পথে একটি ট্রলি রাস্তার পাশে খাদে পড়ে যায়। এ সময় ট্রলির হেলপার ইটের নিচে চাপা পড়েন।
খবর পেয়ে রাজাপুর ফায়ার সার্ভিসের কর্মীরা এসে ট্রলির ইট সরিয়ে তাকে উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মো. আরিফুল ইসলাম তাকে মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনার পর ট্রলিচালক শাকিল পলাতক রয়েছেন বলে জানা গেছে। খবর পেয়ে রাজাপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
এ বিষয়ে রাজাপুর থানার ওসি সুজন বিশ্বাস বলেন, ‘ইটবোঝাই ট্রলি খাদে পড়ে তানভীর ইসলাম নামে এক হেলপার নিহত হয়েছেন। এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাইনি। পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’


