জেমকন গ্রুপের পরিচালক কাজী ইনাম আহমেদের নামে থাকা ১০টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছে আদালত. এসব হিসাবে এক কোটি ১৯ লাখ ৭০ হাজার ৯৪১ টাকা জমা আছে।
বুধবার ঢাকা মহানগর দায়রা জজ মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন।
এদিন কাজী ইনামের ব্যাংক হিসাব অবরুদ্ধে আদালতে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ও দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক এ কে এম মর্তুজা আলী সাগর।
এর আগে গত বছরের ১৮ জানুয়ারি কাজী ইনামকে দেশত্যাগে নিষেধাজ্ঞা দেয় একই আদালত।সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন এসব তথ্য জানান।
দুদকের ওই আবেদনে বলা হয়, ‘কাজী ইনাম আহমেদ অবৈধ উপায়ে ও জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে সঙ্গতিবিহীন ৩২ কোটি ৬৬ লাখ ১৬ হাজার ২৪৪ টাকার সম্পদ অর্জন করে ভোগদখল করছেন। তার নিজ নামে বিভিন্ন ব্যাংকে পরিচালিত মোট ১৪টি হিসাবে মোট ৭৪ কোটি ৭৮ লাখ ৭৮ হাজার ১২৭ টাকার অস্বাভাবিক ও সন্দেহজনক লেনদেনের মাধ্যমে হস্তান্তর, স্থানান্তরের ও রুপান্তরের মাধ্যমে মানিলন্ডারিং করার তথ্য রয়েছে। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে দুদকের বিভিন্ন আইনি ধারায় গত বছরের ১৬ সেপ্টেম্বর তার বিরুদ্ধে মামলা করা হয়।’
জেমকন গ্রুপের পরিচালকের বিরুদ্ধে মামলাটি এখনো তদান্তাধীন রয়েছে। তদন্তে কাজী ইনাম আহমেদের নামে অস্থাবর সম্পদ অর্জনের তথ্য পাওয়া যায় বলে জানিয়েছে দুদক।
সূত্র জানায়, কাজী ইনাম আহমেদের নামে অর্জিত অস্থাবর সম্পদ হস্তান্তর/স্থানান্তর বা অন্য কোনো পন্থায় মালিকানা পরিবর্তন/হস্তান্তর করে দেশত্যাগ বা আত্মগোপনের সম্ভবনা রয়েছে। কাজেই মামলার গভীর তদন্তের স্বার্থে এসব ব্যাংক হিসাব অবরুদ্ধ করা প্রয়োজন।


