ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে দেখতে গিয়েছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুক্রবার রাত ১১টা ২০ মিনিটের দিকে হাদির খোঁজ নিতে যান তিনি। এর আগে বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নেন মির্জা ফখরুল।
শুক্রবার রাতে এসব তথ্য জানান বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
তিনি বলেন, বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এরপর রাত ১১টা ২০ মিনিটে একই হাসপাতালে গুলিবিদ্ধ ইনকিলাব মঞ্চ মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান বিন হাদিকে দেখতে যান বিএনপির মহাসচিব।
এ সময় তার সঙ্গে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।
শুক্রবার দুপুরে জুমার নামাজ শেষে বের হওয়ার পর রাজধানীর বিজয়নগর এলাকার বক্স কালভার্ট রোডে গুলিবিদ্ধ হন ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদি। তিনি ইনকিলাব মঞ্চ নামে একটি সংগঠনের মুখপাত্র। তার পুরো নাম শরিফ ওসমান হাদি হলেও সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি ওসমান হাদি নামে পরিচিত।
শুরুতে তাকে ঢাকা মেডিকেলে চিকিৎসা দেওয়ার পর নিয়ে যাওয়া হয় এভারকেয়ার হাসপাতালে।
এদিকে গত ২৩ নভেম্বর থেকে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে মেডিকেল বোর্ড খালেদা জিয়ার চিকিৎসা দিচ্ছে। বোর্ডে খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমানও রয়েছেন।


