পুরোনো সংবিধানের দোহাই দিয়ে জুলাই সনদ বাস্তবায়ন না করলে সরকারের বৈধতা প্রশ্নবিদ্ধ হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।
সোমবার খুলনা জেলা স্টেডিয়ামে এনসিপির বরিশাল বিভাগীয় ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন তিনি।
নাহিদ ইসলাম বলেন, ‘বর্তমান সরকার হাওয়ার ওপর দিয়ে আসেনি। নিয়মতান্ত্রিক উপায়ে এই সরকার হয়নি। এ সরকারের বৈধতা জুলাই গণঅভ্যুত্থান। অন্তর্বর্তী সরকারের বৈধতাও ছিল গণঅভ্যুত্থান। যদি সরকার পুরোনো সংবিধানের দোহাই দিয়ে জুলাই সনদ বাস্তবায়ন না করে, তাহলে এ সরকারের বৈধতা প্রশ্নবিদ্ধ হবে।’
একই মঞ্চে বিএনপি, জামায়াত, এনসিপিসহ অন্য দলের নেতাকর্মীদের উপস্থিতিকে ইঙ্গিত করে নাহিদ বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থানের কারণে আজ আমরা একই মঞ্চে উপস্থিত হতে পেরেছি। শত শত শহীদের রক্তের ওপর আমরা এখানে বসতে পেরেছি। জাতীয় সংসদে একসঙ্গে বসে আমরা জুলাই সনদ বাস্তবায়ন করতে চাই। অন্তর্বর্তী সরকারের সব আদেশ বাস্তবায়ন করতে চাই।’
ইফতার মাহফিলে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার ও খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম এবং বিশেষ অতিথি ছিলেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, জাতীয় যুবশক্তির আহ্বায়ক অ্যাডভোকেট তরিকুল ইসলাম, জাতীয় ছাত্রশক্তির সভাপতি জাহিদ আহসানসহ ১১-দলীয় জোটের খুলনা বিভাগীয় নেতারা।


