জাতীয় স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে জুলাই সনদকে রাষ্ট্র রূপান্তরের ভিত্তিপ্রস্তর হিসেবে গ্রহণ এবং তা বাস্তবায়নের লক্ষ্যে একটি বৃহত্তর জাতীয় ঐক্য প্রতিষ্ঠা করতে হবে বলে মন্তব্য করেছেন জেএসডি সভাপতি আ স ম আব্দুর রব।
তিনি বলেন, ‘সকল রাজনৈতিক দলকে জাতীয় সনদের প্রশ্নে দায়িত্বশীল ভূমিকা গ্রহণ করতে হবে।‘ বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব মন্তব্য করেন।
আ স ম আব্দুর রব বলেন, ‘ফ্যাসিবাদী ব্যবস্থাকে ভেঙে দিয়ে, কর্তৃত্ববাদী কাঠামো থেকে বেরিয়ে আসার প্রথম ধাপ হিসেবে, জাতীয় সনদে যতটুকু অর্জন সম্ভব হয়েছে তা অবশ্যই ধরে রাখতে হবে এবং রাষ্ট্রব্যবস্থা রূপান্তরের প্রক্রিয়া শুরু করতে হবে। আরও গণতান্ত্রিক বা গণমুখী রাষ্ট্রব্যবস্থার প্রশ্নে জনগণের অভিপ্রায়কে বিবেচনায় রেখেই বাস্তবতার সঙ্গে জাতীয় সনদের সেতুবন্ধন রচনা করতে হবে।‘
তিনি আরও বলেন, ‘রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তরে প্রয়োজন ধৈর্য ও কৌশলগত পদক্ষেপ। ক্রমাগত সংস্কারের মাধ্যমে সমাজ ও রাষ্ট্র স্থিতিশীলতা লাভ করবে। জুলাই গণঅভ্যুত্থানে রক্তের বিনিময়ে অর্জিত ন্যূনতম অর্জনকে বাস্তবায়ন করাই হবে ইতিহাসের প্রতি দায়বদ্ধতা।‘
বিবৃতিতে আ স ম আব্দুর রব আরও বলেন, ‘এই অর্জনকে প্রত্যাখ্যান করা কিংবা এ বিষয়ে নির্লিপ্ত থাকা বিদ্যমান স্থিতিশীলতা নষ্ট করে আরও বড় বিশৃঙ্খলার পথ তৈরি করতে পারে। রাজনৈতিক দলগুলোকে অবশ্যই তাদের দলীয় স্বার্থ বিবেচনায় রেখে জাতীয় স্বার্থের দৃষ্টিভঙ্গি গ্রহণ করতে হবে।‘
রাষ্ট্রের আমলাতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতি, পুলিশি ব্যবস্থা বা বিচার বিভাগে গেঁথে থাকা কাঠামোগত জটিলতা নিরসনে নিরন্তর সংগ্রামের প্রয়োজন রয়েছে। ভূ-রাজনৈতিক বাস্তবতা ও আন্তর্জাতিক পরিস্থিতি বিবেচনা করে, শহীদদের প্রতি শ্রদ্ধা রেখে অর্জিত এই গণতান্ত্রিক ভিত্তিটিকে অংশীদারিত্বের গণতন্ত্রে রূপান্তর করাই হবে আমাদের কর্তব্য, যোগ করেন তিনি।


