দেশের সাতটি বিশ্ববিদ্যালয় নতুন উপাচার্য পেল। ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী, চট্টগ্রাম ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ সাত বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্যের নাম ঘোষণা করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
সোমবার শিক্ষা মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে নতুন উপাচার্যদের নাম ঘোষণা করেন তিনি। এ সময় বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) নতুন চেয়ারম্যানের নামও ঘোষণা করেন তিনি।
শিক্ষামন্ত্রী জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হচ্ছেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) বর্তমান উপাচার্য অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক।
এ ছাড়া রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হচ্ছেন অধ্যাপক মো. ফরিদুল ইসলাম। এ ছাড়া জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক রইস উদ্দিন, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক ছিদ্দিকুর রহমান খান, সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক মো. নুরুল ইসলাম, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) অধ্যাপক মো. মাসউদ এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক মো. আল ফোরকানকে উপাচার্য হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
পাশাপাশি বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ–উপাচার্য অধ্যাপক মামুন আহমেদের নাম ঘোষণা করেছেন শিক্ষামন্ত্রী।
শিক্ষামন্ত্রী বলেন, শিগগিরই এ–সংক্রান্ত আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি করা হবে।


