জুলাই জাতীয় সনদের বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে সরকারের জারি করা আদেশকে স্বাগত জানিয়েছে গণসংহতি আন্দোলন। তবে দলটি বলেছে, এই আদেশ বাস্তবায়নের জন্য এখনো জাতীয় ঐকমত্যের প্রয়োজন রয়েছে এবং অন্তর্বর্তী সরকারের উচিত এ বিষয়ে উদ্যোগ অব্যাহত রাখা।
শুক্রবার গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি ও নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল এক যৌথ বিবৃতিতে বলেন, আদেশের বেশ কিছু ধারা, বিশেষ করে গণভোটের পদ্ধতি সংক্রান্ত অংশ, স্পষ্ট নয়।
বিবৃতিতে আরও বলা হয়, চারটি প্রশ্নের একটি উত্তর জনগণকে সিদ্ধান্তহীনতায় ফেলতে পারে, যা ভোটারের বাছাইয়ের অধিকার খর্ব করবে কি না—এ নিয়েও প্রশ্ন ওঠা স্বাভাবিক। তাই গণভোটের বিষয়বস্তু ও প্রক্রিয়া টেলিভিশন, সংবাদপত্র ও প্রচারপত্রের মাধ্যমে নির্বাচনের আগে পরিষ্কারভাবে জনগণকে জানানো সরকারের দায়িত্ব।
নেতৃবৃন্দ বলেন, জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়ায় সংবিধান সংস্কার পরিষদ গঠনের দাবি তারা শুরু থেকেই করে আসছেন। সরকার বিষয়টির অপরিহার্যতা বুঝে উদ্যোগ নেওয়ায় তারা কৃতজ্ঞতা জানান। তবে রাজনৈতিক দলের আলোচনার মাধ্যমে ঐকমত্য প্রতিষ্ঠা করে এই প্রক্রিয়া বাস্তবায়ন জাতীয় স্বার্থে জরুরি এবং গণতান্ত্রিক দৃষ্টান্ত হিসেবেও সমাদৃত হবে বলে মন্তব্য করেন তারা।
যৌথ বিবৃতিতে আরও বলা হয়, এ উদ্যোগের মাধ্যমে আগামী ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনের সব বাধা দূর হবে বলে তারা আশা করেন, এবং সব রাজনৈতিক দলকে দায়িত্বশীল আচরণ ও গণতান্ত্রিক উত্তরণে সহযোগিতার আহ্বান জানান নেতৃবৃন্দ।


