জুলাই রেবেলস সংগঠনের সদস্য মোহাম্মদ রেজওয়ানের ওপর হামলার ঘটনায় করা মামলায় দুইজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
রোববার ভোর সাড়ে ৫টার দিকে রাজধানীর দক্ষিণখান এলাকা থেকে তাদের গ্রেপ্তার করেছে উত্তরা পূর্ব থানা-পুলিশ।
আসামিরা হলেন, মো. মাসুম ও মো. ফাহিম খান।
উত্তরা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ আলম জানান, শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজধানীর উত্তরা ৬ নম্বর সেক্টর এলাকায় জুলাই রেবেলস সংগঠনের সদস্য মোহাম্মদ রেজওয়ানের ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। পরে তাকে আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়।
এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।
ওসি আরও বলেন, ঘটনার পরপরই হামলাকারীদের গ্রেপ্তার করতে রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালায় পুলিশ। পরে রোববার ভোরে রাজধানীর দক্ষিণখান এলাকায় অভিযান চালিয়ে এজাহারে নাম থাকা দুই আসামিকে গ্রেপ্তার করা হয়।
ডিএমপির উপ-কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান বলেন, মামলার সুষ্ঠু তদন্ত এবং মামলার বাকি আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।


