রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের অবস্থা অপরিবর্তনীয় রয়েছে।
শনিবার বিকালে বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম একথা জানান।
রফিকুল ইসলাম বলেন, ‘মস্তিষ্কের অস্ত্রোপচারের পর মির্জা আব্বাস চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে আছেন। শনিবার সকালে ওনার সিটি স্কেন করা হয়েছে। তার সিটি স্কেনের রিপোর্ট ভালো এসেছে।’
তিনি জানান, মেডিকেল বোর্ডের চিকিৎসকরা সার্বক্ষণিক তাকে দেখছেন। ক্লোজ মনিটরিংয়ে আছেন মির্জা আব্বাস। মেডিকেল বোর্ডের চিকিৎসকদের ৭২ ঘণ্টা নিবিড় পর্যবেক্ষণে আছেন তিনি।
মেডিকেল বোর্ডের সদস্যরা হলেন, অধ্যাপক আলী উজ্জামান জোয়ার্দার, অধ্যাপক কাজী দ্বীন মোহাম্মদ, অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদার, অধ্যাপক রাজিউল হক, সৈয়দ অধ্যাপক সাঈদ আহমেদ, অধ্যাপক কাদের শেখ, অধ্যাপক শফিকুল ইসলামসহ এভার কেয়ার হাসপাতালের চিকিৎসকরা রয়েছেন।
এর আগে শুক্রবার মেডিকেল বোর্ডের বৈঠকে মির্জা আব্বাসের মস্তিষ্কে দ্রুত অস্ত্রোপচারের সিদ্ধান্ত হয়। বিকাল ৪টায় এই অস্ত্রোপচার শুরু হয়ে ৭টায় শেষ হয়। পরে তাকে নিউরো আইসিইউতে স্থানান্তর করা হয়।
গত বুধবার ইফতারের সময়ে অসুস্থ হয়ে জ্ঞান হারালে বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন মির্জা আব্বাস।


