গত বৃহস্পতিবার ইউটিউবে এক ক্রীড়া সাংবাদিককে দেয়া সাক্ষাৎকারে যৌন হয়রানির অভিযোগ তোলেন বাংলাদেশ নারী ক্রিকেট দলের সাবেক অধিনায়ক জাহানারা আলম। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক নির্বাচক ও টিম ম্যানেজার মঞ্জুরুল ইসলামসহ আরো কয়েকজনের বিরুদ্ধে ছুটে গেছে তার অভিযোগের তির। বৃহস্পতিবার রাতেই বিসিবি গঠন করেছে তদন্ত কমিটি, ১৫ দিনের মধ্যে নির্দেশ দেয়া হয়েছে প্রতিবেদন দাখিলের।
এই ঘটনায় দেশের ক্রীড়াঙ্গনে রীতিমতো তোলপাড় শুরু হয়েছে। শুক্রবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে এক স্ট্যাটাসে সাবেক অধিনায়ক তামিম ইকবাল লিখেছেন, ‘জাহানারা আলম যে অভিযোগগুলো তুলেছেন, সবগুলোই গুরুতর এবং সেসব সত্যি হলে তা কোনোভাবেই মেনে নেওয়ার মতো নয়।শুধু একজন জাতীয় ক্রিকেটার বা সাবেক অধিনায়ক বলেই নয়, যে কোনো পর্যায়ের ক্রিকেটার হোক বা যে কোনো খেলার ক্রীড়াবিদ কিংবা যে কোনো নারী, কারো প্রতিই এমন আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।’

সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা লিখেছেন, ‘বাংলাদেশের ক্রিকেট ও গোটা ক্রীড়াঙ্গনের স্বার্থে জাহানারা আলমের প্রতিটি অভিযোগ বিসিবি গুরুত্ব দিয়ে দেখবে আশা করি। আশা করি, বিসিবির তদন্ত কমিটি পুরোপুরি প্রভাবমুক্ত থেকে কাজ করবে এবং অভিযোগের সত্যতা পেলে দায়ীদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নিশ্চিত করবে, যেন এসবের পুনরাবৃত্তি আর কখনো না হয়। বাংলাদেশের ক্রীড়াঙ্গন নিরাপদ হোক সবার জন্য।’
বর্তমানে অস্ট্রেলিয়ায় থিতু হওয়া জাহারানাকে যৌন হয়রানির অভিযোগে অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া জানিয়েছেন, এই বিষয়ে সরকারের কাছ থেকে সর্বোচ্চ সহায়তা পাবেন তিনি। শুক্রবার একটি বেসরকারি টিভি চ্যানেলকে আসিফ মাহমুদ বলেন, ‘‘আমাদের দফতর থেকেও ভুক্তভোগীর সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তিনি যদি আইনি ব্যবস্থা নিতে চান, যেহেতু এটি একটি ফৌজদারি অপরাধ, সেহেতু সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নিশ্চিত করা হবে যেন জড়িত কেউ শাস্তি এড়িয়ে যেতে না পারে।’
যৌন হয়রানির এসব ঘটনা ক্রীড়াঙ্গনের জন্য বড় হুমকি বলে মনে করেন তিনি, ‘এ ধরনের অভিযোগ নতুন নয়। খেলাধুলার অন্যান্য ক্ষেত্রেও বহুবার শুনেছি। দায়িত্বশীল জায়গা থেকে আমাদের নিশ্চিত করতে হবে, যাতে কেউ এ ধরনের কাজ করে পার না পেয়ে যায়।’
ডানহাতি পেসার জাহানারার পাশে দাঁড়িয়েছে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশও (কোয়াব)। সংগঠনটির সভাপতি ও ক্রিকেটার মোহাম্মদ মিথুনের স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়, ‘জাহানারা আলমের প্রতিটি অভিযোগ অত্যন্ত গুরুতর এবং কোনোভাবেই উপেক্ষা করার মতো নয়। জাতীয় দলের ম্যানেজার, নির্বাচক, সাবেক ইনচার্জ ও কোচসহ যাদের বিরুদ্ধে তিনি অভিযোগ তুলেছেন, বিসিবিরও উচিত দ্রুত তদন্ত করে বিষয়টি পরিষ্কার করা। কোনো আড়াল বা দীর্ঘসূত্রিতা গ্রহণযোগ্য নয়।’
বিবৃতিতে আরো বলা হয়, ‘শুধু সহানুভূতি নয়, জাহানারার প্রতি আমাদের পূর্ণ সমর্থন রয়েছে। ন্যায়বিচারের লড়াইয়ে তাকে সব ধরনের সহায়তা দিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।’


