জামায়াতে ইসলামীর নায়েবে আমির এ টি এম আজহারুল ইসলামকে মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ড থেকে খালাস দেওয়া সংক্রান্ত আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়েছে।
সোমবার এ তথ্য জানিয়েছেন তার আইনজীবী মোহাম্মদ শিশির মনির।
এর আগে ২০২৫ সালের ২৭ মে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের সাত বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চ আজহারের আপিল মঞ্জুর করে সর্বসম্মতিক্রমে খালাস দেয়।
মুক্তিযুদ্ধকালের মানবতাবিরোধী অপরাধের কোনো মামলায় রিভিউ আবেদনের পরিপ্রেক্ষিতে আপিলে কারও খালাস পাওয়ার ঘটনা এটাই প্রথম। সেই রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশিত হলো।
আদালতে আবেদনের পক্ষে আইনজীবী এহসান এ সিদ্দিক ও আইনজীবী মোহাম্মদ শিশির মনির শুনানি করেন। প্রসিকিউশনের পক্ষে ছিলেন প্রসিকিউটর গাজী এমএইচ তামিম।
এর আগে ওই বছরের ২৬ ফেব্রুয়ারি আজহারের রিভিউ আবেদন মঞ্জুর করে আপিলের অনুমতি দেয় আপিল বিভাগ। সে আপিল দায়েরের পর শুনানি অনুষ্ঠিত হয়।
মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ২০১৪ সালের ৩০ ডিসেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আজহারুল ইসলামকে মৃত্যুদণ্ড দেয়। এই রায়ের বিরুদ্ধে করা আপিল শুনানির পর ২০১৯ সালে আজহারের মৃত্যুদণ্ড বহাল রাখে আপিল বিভাগ। সেই রায় পুনর্বিবেচনা চেয়ে ২০২০ সালের ১৯ জুলাই তিনি রিভিউ আবেদন করেন।


