শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) দুই দিনব্যাপী বইমেলা ও কবিতা পাঠের আয়োজন করা হয়েছে।
‘মুখের বুলি, মায়ের ভাষা’ শিরোনামে আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করা হয় শনিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের মহুয়াতলায়। বিবর্তন সংসদ ও জিয়া স্মৃতি পাঠাগারের যৌথ উদ্যোগে আয়োজিত এ মেলা রোববার থেকে প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত চলবে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত শিক্ষকরা ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে কর্মসূচির সূচনা করেন এবং ভাষা আন্দোলনের চেতনা ও মাতৃভাষার গুরুত্ব তুলে ধরে বক্তব্য দেন।
মেলায় ‘জাহাঙ্গীরনগর কর্নার’ নামে একটি বিশেষ প্রদর্শনী টেবিলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকদের রচিত গ্রন্থ স্থান পেয়েছে। পাশাপাশি ভাষা আন্দোলনভিত্তিক প্রকাশনা এবং প্রখ্যাত লেখকদের বিভিন্ন সাহিত্যকর্মও প্রদর্শিত হচ্ছে।
জিয়া স্মৃতি পাঠাগারের সভাপতি সাইদুর রহমান সীমান্ত বলেন, উদ্বোধনী আয়োজনে শিক্ষকদের উপস্থিতি শিক্ষার্থীদের মধ্যে ইতিবাচক সাড়া সৃষ্টি করেছে। তিনি আশা প্রকাশ করেন, কবিতা পাঠ ও অন্যান্য সাংস্কৃতিক পর্ব যুক্ত হলে আয়োজনটি আরও প্রাণবন্ত হয়ে উঠবে এবং বইপাঠে আগ্রহ বাড়বে।
বিবর্তন সংসদের আহ্বায়ক সাদেকুল ইসলাম টিমন জানান, ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোই এ আয়োজনের মূল উদ্দেশ্য।
তিনি বলেন, বাংলা ভাষার পাশাপাশি দেশের আদিবাসী জনগোষ্ঠীর ভাষা ও সংস্কৃতির প্রতিও সম্মান প্রদর্শনের বার্তা এই আয়োজনের মাধ্যমে তুলে ধরা হচ্ছে। সর্বস্তরে শুদ্ধ ও মর্যাদাপূর্ণ ভাষা চর্চা নিশ্চিত করার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের পরিচালক শামীমা সুলতানা ভাষা আন্দোলনের ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরে বলেন, মাতৃভাষা রক্ষার সংগ্রামই জাতির আত্মপরিচয় প্রতিষ্ঠার ভিত্তি। তিনি নতুন রাষ্ট্রব্যবস্থায় বাংলা ভাষার যথাযথ মর্যাদা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এ কে এম রাশিদুল আলম, সমাজবিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন মো শামছুল আলম সেলিম, গণিত বিভাগের সভাপতি মুহাম্মদ নজরুল ইসলাম এবং নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের শিক্ষক মোহাম্মদ খোরশেদ আলম উপস্থিত ছিলেন।


