ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদ ব্যক্ত করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের আলোচিত স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় সরাইল উপজেলার শাহবাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট দেন। এ সময় তিনি ‘বিজয় চিহ্ন’ দেখিয়ে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদ ব্যক্ত করেন এবং এ আসনের অধিকাংশ কেন্দ্রই ঝুঁকিপূর্ণ দাবি করে সাংবাদিকদের কেন্দ্রগুলো পাহারা দেওয়ার অনুরোধ জানান।
ব্রাহ্মণবাড়িয়ায় ছয়টি আসনের ৮০৫টি কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে। জেলার কোনো কেন্দ্রে এখনও পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। তবে কেন্দ্র গুলোতে ভোটারদের উপস্থিতি তেমন লক্ষ্য করা যায়নি।
এদিকে ব্রাহ্মণবাড়িয়া-৬ বাঞ্ছারামপুর আসনে বিএনপি জোট প্রার্থী গণসংহতি আন্দোলনের জুনায়েদ সাকি বাঞ্ছারামপুর উপজেলার কলাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট দেন।
সকাল সাড়ে ৭টায় সারাদেশের সঙ্গে একযোগে ব্রাহ্মণবাড়িয়ার ছয় নির্বাচনী আসনে ভোটগ্রহণ শুরু হয়। একটানা ভোটগ্রহণ চলবে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত।
প্রতিটি আসনেই উল্লেখযোগ্য সংখ্যক কেন্দ্রকে বিশেষ নজরদারির আওতায় রাখা হয়েছে।
জেলার ছয়টি সংসদীয় আসনে স্বতন্ত্রসহ মোট ৪৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট ভোটার ২৫ লাখ ৬৮ হাজার ১২৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১৩ লাখ ২৯ হাজার ৯৭৮ জন, নারী ভোটার ১২ লাখ ৩৮ হাজার ১৩৩ জন এবং হিজড়া ভোটার ১৬ জন।


