চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তবর্তী এলাকা থেকে একটি বিদেশি পিস্তল, গুলি ও মাদক উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার ভোরে দর্শনা উপজেলার বাড়াদি সীমান্ত এলাকার কামারপাড়া গ্রামের একটি আমবাগান থেকে পরিত্যক্ত অবস্থায় এসব উদ্ধার করা হয়।
চুয়াডাঙ্গা-৬ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ রাজ মামুদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে সীমান্তের মেইন পিলার ৮১-এর অভ্যন্তরে দর্শনা কামারপাড়া গ্রামের একটি আমবাগানে অভিযান চালানো হয়। এ সময় আমবাগানের মাটির নিচে পুঁতে রাখা অবস্থায় একটি ৭ দশমিক ৬৫ মিলিমিটার বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, এক রাউন্ড গুলি এবং ২ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, উদ্ধারকৃত মালামালের বাজারমূল্য প্রায় ১ লাখ ৭ হাজার ২০০ টাকা। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।


