আগামী ১১ জানুয়ারি নিজ জন্মভূমি বগুড়ায় যাওয়ার পথে টাঙ্গাইলে আব্দুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করবেন তারেক রহমান। এ সময় সেখানে আয়োজিত দোয়ায় অংশ নেবেন তিনি।
বুধবার বিএনপির চেয়ারপারসনের কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
দলটি জানিয়েছে, ১১ জানুয়ারি সকাল ৯টা থেকে ১০টার মধ্যে ঢাকার বাসভবন থেকে সড়ক পথে যাত্রা শুরু করবেন তারেক রহমান। দুপুর আনুমানিক ১টার দিকে তিনি টাঙ্গাইলে পৌঁছাবেন। পরে ভাসানীর কবর জিয়ারত ও দোয়া শেষে বগুড়ার উদ্দেশে যাত্রা করবেন তিনি।
দোয়া মাহফিলে উপস্থিত থাকবেন বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও টাঙ্গাইল-৫ (সদর) আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকুসহ বিএনপির কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতারা।
ঢাকার বাইরে তারেক রহমানের প্রথম সফর হওয়ায় টাঙ্গাইল জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা বিরাজ করছে।
তার আগমন উপলক্ষে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের টাঙ্গাইল অংশে নেতাকর্মী ও সাধারণ মানুষ তাকে অভিবাদন জানাবেন। বিশেষ করে মির্জাপুর অংশ থেকেই তাকে বরণ করার প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানায় দলের সদস্যরা।
এদিকে সফরকে কেন্দ্র করে নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া শুরু করছে বলে জানা গেছে।
সুলতান সালাউদ্দিন টুকু বলেন, ‘দীর্ঘ ১৭ বছর পর দেশনায়ক তারেক রহমান বাংলাদেশে ফিরে প্রথম জেলা সফর হিসেবে টাঙ্গাইলে আসছেন। এই সফরকে ঘিরে পুরো জেলায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। ইনশাল্লাহ, আমরা সর্বোচ্চ সম্মানের সঙ্গে তাকে সংবর্ধনা জানাব।’
এ ছাড়া, তারেক রহমানের আগমন ও দোয়া সফল করতে দলের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, টাঙ্গাইলবাসী অধীর আগ্রহে তার আগমনের অপেক্ষায় রয়েছে।


