শিক্ষার্থীদের যাতায়াত ব্যবস্থাকে আরও সহজ, নিরাপদ ও সময়নির্ভর করতে বাসে লাইভ ট্র্যাকিং প্রযুক্তি চালুর উদ্যোগ নিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রদল।
উদ্যোগটির আনুষ্ঠানিক উদ্বোধন আগামী বৃহস্পতিবার অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রাথমিক পর্যায়ে পরীক্ষামূলকভাবে বিশ্ববিদ্যালয়ের দুটি বাসে এই প্রযুক্তি সংযোজন করা হবে। পরবর্তীতে ধাপে ধাপে সবগুলো বাসকে এ ব্যবস্থার আওতায় আনার পরিকল্পনা রয়েছে।
নতুন এই সেবার মাধ্যমে শিক্ষার্থীরা তাদের মোবাইল ফোন ব্যবহার করে তাৎক্ষণিকভাবে বাসের অবস্থান পর্যবেক্ষণ করতে পারবেন। পাশাপাশি নির্দিষ্ট স্টপেজে বাস পৌঁছানোর সম্ভাব্য সময় সম্পর্কেও পূর্বাভাস জানা যাবে। কোনো কারণে বিলম্ব হলে তাৎক্ষণিক নোটিফিকেশনের ব্যবস্থাও থাকবে।
এ উদ্যোগ শিক্ষার্থীদের সময় ব্যবস্থাপনা আরও কার্যকর করবে এবং যাতায়াতে স্বাচ্ছন্দ্য ও নিরাপত্তা বাড়াবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।
এ বিষয়ে জাবি শাখা ছাত্রদলের আহ্বায়ক জহিরউদ্দিন মোহাম্মদ বাবর জানান, আগামী ৭ মে থেকে দুটি বাসে পরীক্ষামূলকভাবে লাইভ ট্র্যাকিং চালু করা হবে। এই কার্যক্রম সফল হলে পর্যায়ক্রমে বিশ্ববিদ্যালয়ের সব বাসে এই সুবিধা সম্প্রসারণ করা হবে।


