জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীদের যাতায়াত ব্যবস্থা আরও আধুনিক ও সহজ করতে ‘লাইভ বাস ট্র্যাকিং সিস্টেম’ চালু করেছে শাখা ছাত্রদল। এই পরিষেবার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের বাসে যাতায়াত করা শিক্ষার্থীরা সেটির তাৎক্ষণিক অবস্থান জানতে পারবেন।
বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের মুরাদ চত্বরসংলগ্ন এলাকায় আয়োজিত এক অনুষ্ঠানে উপাচার্য কামরুল আহসান আনুষ্ঠানিকভাবে এ সেবার উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, ‘শিক্ষার্থীদের দৈনন্দিন যাতায়াতে ভোগান্তি কমাতে প্রযুক্তিনির্ভর এমন উদ্যোগ অত্যন্ত কার্যকর ভূমিকা রাখবে। পরিবহনসেবা উন্নত করা বিশ্ববিদ্যালয় প্রশাসনের দায়িত্ব হলেও শিক্ষার্থীদের স্বার্থ বিবেচনায় ছাত্রদলের এ উদ্যোগ প্রশংসার দাবি রাখে।’
এ সময় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে তিনি সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান।
শাখা ছাত্রদলের আহ্বায়ক বাবর জানান, প্রাথমিকভাবে পরীক্ষামূলকভাবে বিশ্ববিদ্যালয়ের দুটি বাসে এ প্রযুক্তি সংযুক্ত করা হয়েছে। পরবর্তীতে ধাপে ধাপে সব বাসকে এ ব্যবস্থার আওতায় আনার পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে শিক্ষার্থীরা মোবাইল ফোনের মাধ্যমে তাৎক্ষণিকভাবে বাসের অবস্থান জানতে পারবেন। এছাড়া বাস নির্ধারিত স্টপেজে পৌঁছানোর সম্ভাব্য সময় এবং কোনো ধরনের বিলম্ব হলে সে সম্পর্কেও নোটিফিকেশন পাওয়া যাবে। এতে শিক্ষার্থীদের সময় ব্যবস্থাপনা সহজ হবে বলে আশা করেন তিনি।
শাখা ছাত্রদলের সদস্য সচিব ওয়াসিম আহমেদ অনিক বলেন, ‘দীর্ঘদিন ধরে পরিবহন ব্যবস্থার অনিশ্চয়তার কারণে শিক্ষার্থীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। বাসের অবস্থান সম্পর্কে নির্ভরযোগ্য তথ্য না থাকায় অনেক সময় ক্লাস ও একাডেমিক কার্যক্রম ব্যাহত হয়।’
‘শিক্ষার্থীদের সুবিধা নিশ্চিত করতে ছাত্রদল ভবিষ্যতেও কাজ করে যাবে এবং একটি আধুনিক ও শিক্ষার্থীবান্ধব ক্যাম্পাস গড়ে তুলতে প্রয়োজনীয় উদ্যোগ অব্যাহত থাকবে’, যোগ করেন তিনি।


