জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ‘আপসহীন দেশনেত্রী খালেদা জিয়া: জীবন ও কর্ম’ বিষয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনের সেমিনার কক্ষে এ সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জাবি উপাচার্য মোহাম্মদ কামরুল আহসান বলেন, বিভিন্ন ঘটনাপ্রবাহের মধ্য দিয়ে খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতির কেন্দ্রীয় চরিত্রে পরিণত হয়েছেন।
রাজনীতির শুরু থেকেই তিনি দেশ ও জনগণকে ধারণ করে সামনে এগিয়ে চলেছেন। দেশের রাজনীতি ও মানুষের কল্যাণে তিনি অসংখ্য ইতিবাচক ভূমিকা রেখেছেন, যোগ করেন তিনি।
নীতি-নৈতিকতা, আদর্শ, দেশপ্রেম এবং মানুষের আশা-আকাঙ্ক্ষার পক্ষে আপসহীন অবস্থানের কারণেই তিনি ‘আপসহীন দেশনেত্রী’ হিসেবে পরিচিতি লাভ করেছেন।
তিনি আরও বলেন, রাষ্ট্রীয় দায়িত্বে থাকাকালে খালেদা জিয়া ফারাক্কা বাঁধ ও বিহারী সংকটসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ জাতীয় ও আঞ্চলিক বিষয়ে সোচ্চার ভূমিকা পালন করেছেন এবং সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগ নিয়েছেন।
আলোচনা সভায় আরও বক্তব্য দেন উপ-উপাচার্য (শিক্ষা) মোহাম্মদ মাহফুজুর রহমান, উপ-উপাচার্য (প্রশাসন) সোহেল আহমেদ, জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি মো. শামছুল আলম ও সাধারণ সম্পাদক মো. জামাল উদ্দীনসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থী ও ছাত্রসংগঠনের প্রতিনিধিরা।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন আলোচনা সভার আহ্বায়ক ও কোষাধ্যক্ষ মো. আবদুর রব। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এ বি এম আজিজুর রহমান।
এর আগে সকালে বিশ্ববিদ্যালয়ের খালেদা জিয়া হলের সামনে থেকে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের উদ্যোগে একটি শোক র্যালি বের করা হয়। র্যালিটি ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে জহির রায়হান মিলনায়তনে গিয়ে শেষ হয়।


