জাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনকে কেন্দ্র করে রোববার বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে।
শনিবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এবিএম আজিজুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়,’জাকসু ও হল সংসদ নির্বাচন-২০২৫ উপলক্ষে ১০, ১১, ১২ ও ১৩ সেপ্টেম্বর ভোট গ্রহণ প্রস্তুতি, ভোট গ্রহণ ও গণনা কার্যক্রমে বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।’
‘তারা নিরলসভাবে পরিশ্রম করে ও নির্ঘুম রাত কাটিয়ে এখন পরিশ্রান্ত। এ ছাড়া সাধারণ শিক্ষার্থীদের অনেকেই মানসিকভাবে পরিশ্রান্ত।’
‘সার্বিক অবস্থা বিবেচনা করে আগামীকাল (রোববার) বিশ্ববিদ্যালয়ের সব অফিস, ক্লাস ও পরীক্ষা বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে,’ বলা হয় বিজ্ঞপ্তিতে।
এতে আরও জানানো হয়, ‘তবে এ দিন ২০২৪-২৫ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি কার্যক্রম চলমান রাখতে রোববার ভর্তির সঙ্গে সংশ্লিষ্ট কার্যালয়গুলো খোলা থাকবে।’
‘সোমবার ক্লাস ও অফিস যথারীতি খোলা থাকবে, তবে পূর্বনির্ধারিত সব চূড়ান্ত পরীক্ষা স্থগিত থাকবে,’ উল্লেখ করা হয় এতে।


