জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনের ভোট গণনা চলছে। সবশেষ তথ্য অনুযায়ী, মোট ৩৯টি কেন্দ্রের মধ্যে ১৪টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ঘোষিত ফলাফলে সহসভাপতি (ভিপি) ও সহসাধারণ সম্পাদক (এজিএস) পদে ছাত্রদল ও ছাত্র শিবিরের প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই লক্ষ্য করা গেছে।
বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে স্থাপিত নির্বাচনের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ থেকে নির্বাচন কমিশন এই ফলাফল ঘোষণা করে।
১৪ কেন্দ্রের প্রকাশিত ফলাফলে সহসভাপতি (ভিপি) পদে ছাত্রদল, ছাত্র অধিকার পরিষদ ও সাধারণ শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’ প্যানেলের প্রার্থী একেএম রাকিব এগিয়ে রয়েছেন। তিনি পেয়েছেন ১ হাজার ৬৭৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামী ছাত্রশিবির সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেলের প্রার্থী রিয়াজুল ইসলাম পেয়েছেন মোট ১ হাজার ৪২৪ ভোট।
তবে সাধারণ সম্পাদক (জিএস) ও সহসাধারণ সম্পাদক (এজিএস) পদে ছাত্রশিবির সমর্থিত প্রার্থীরা এগিয়ে রয়েছেন। জিএস পদে শিবিরের প্রার্থী আব্দুল আলীম আরিফ পেয়েছেন ১ হাজার ৫৮৭ ভোট, যেখানে ছাত্রদলের খাদিজাতুল কুবরা পেয়েছেন ৭৯৩ ভোট। এজিএস পদে শিবিরের মাসুদ রানা পেয়েছেন মোট ১ হাজার ৪৬৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের বিএম আতিকুর রহমান তানজিল পেয়েছেন ১ হাজার ৩৩৭ ভোট।
নির্বাচন কমিশন জানায়, হল সংসদসহ বাকি আরও ২৫টি কেন্দ্রের ফলাফল এখনো প্রকাশ করা হয়নি। পর্যায়ক্রমে এসব কেন্দ্রের ফল ঘোষণা করা হবে।
মঙ্গলবার জকসু ও হল সংসদ নির্বাচনে ৩৯টি কেন্দ্রের ১৭৮টি বুথে ভোটগ্রহণ করা হয়। তারপর শুরু হয় ভোট গণনা। রাত ৯টার দিকে মেশিনের ত্রুটির কারণে সাময়িকভাবে গণনা স্থগিত করা হয়। রাত সাড়ে ১২টার পর আবার শুরু হয় ভোট গণনা।


