বাংলাদেশের হসপিটালিটি ও ইকো-ট্যুরিজম খাতের পরিচিত ব্র্যান্ড ‘ছুটি’ তার প্রতিষ্ঠার ১৪ বছর পূর্তি উদযাপন করেছে। ২০১২ সালের ১২ ডিসেম্বর চার বন্ধুর–অ্যাডভোকেট মোস্তফা মাহমুদ আরিফী, মোস্তফা কামাল, শামসুল ইসলাম মাসুদ এবং অ্যাডভোকেট আলমগীর ফেরদৌস–উদ্যোগে যাত্রা শুরু করে প্রতিষ্ঠানটি। শুরু থেকেই ছুটির সঙ্গে যুক্ত ছিলেন অ্যাডভোকেট মইনুল কাদের হিমু।
দীর্ঘ প্রায় দেড় দশক ধরে ছুটি দেশের ইকো-ট্যুরিজম খাতে বৈচিত্র্য, টেকসই উন্নয়ন এবং প্রকৃতি-নির্ভর পর্যটনকে উৎসাহিত করে একটি নির্ভরযোগ্য ব্র্যান্ডে পরিণত হয়েছে। বর্তমানে দেশের বিভিন্ন প্রাকৃতিক গন্তব্যে ছুটির রিসোর্ট পরিচালিত হচ্ছে।
১৪ বছর পূর্তিতে গাজীপুরের ছুটি রিসোর্টে শুক্রবার দিনব্যাপী সাংস্কৃতিক আয়োজন অনুষ্ঠিত হয়। এর আগে, অনুষ্ঠানের শুরুতেই মিলাদ মাহফিলে কৃতজ্ঞতা জ্ঞাপনের মাধ্যমে দিনের শুরু হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিকালের অনুষ্ঠানে লোকসংগীত পরিবেশন করেন বগা তালেব এবং কানিজ খন্দকার মিতুসহ জনপ্রিয় শিল্পীরা। দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত নিবেদিতপ্রাণ কর্মীদের সম্মাননা দেওয়া হয়। গালা ডিনারের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
প্রতিষ্ঠাতারা জানান, ভবিষ্যতে নতুন প্রকল্প ও উদ্ভাবনী উদ্যোগের মাধ্যমে দেশের পর্যটন শিল্পে আরও অবদান রাখতে ছুটি অঙ্গীকারবদ্ধ।


