মুন্সিগঞ্জে যৌথবাহিনীর অভিযানে একটি দেশীয় শর্টগান ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। অস্ত্রগুলো ২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থানের সময় থানা থেকে লুট হয়েছিল। এ সময় একজনকে গ্রেপ্তার করা হয়। অভিযানের নেতৃত্ব দেয় সেনাবাহিনী।
গজারিয়া আর্মি ক্যাম্প সূত্রে জানা যায়, সহিংসতা ও নাশকতামূলক কার্যকলাপের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে অভিযানের অংশ হিসেবে সদর দপ্তর ৯৯ কম্পোজিট ব্রিগেডের অধীনে রোববার গভীর রাত থেকে সোমবার দিনব্যাপী মুন্সিগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান ও তল্লাশি চালানো হয়।

এ সময় গজারিয়ার গুয়াগাছিয়া ইউনিয়ন এলাকা থেকে ‘নৌ-ডাকাত’ নয়ন ও পিয়াসের সহযোগী মনির হোসেনকে (২৫) গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে শর্টগান ও গুলিগুলো উদ্ধার করা হয়।
গজারিয়া থানাসূত্রে জানা যায়, আসামি মনির হোসেন ডাকাত চক্রের সঙ্গে সরাসরি জড়িত এবং তিনি গুয়াগাছিয়া ইউনিয়ন এলাকাসহ বিভিন্ন নদীর ঘাটে চাঁদাবাজির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। গ্রেপ্তারের পর সোমবার রাতে তাকে গজারিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সন্ত্রাস, নাশকতা ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত অপরাধীদের বিরুদ্ধে ভবিষ্যতেও সেনাবাহিনীর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। কোনো সন্দেহজনক কার্যকলাপ দেখলে সঙ্গে সঙ্গে নিকটস্থ সেনা ক্যাম্পে তথ্য দেওয়ারও আহ্বান জানিয়েছে সেনাবাহিনী।


