দেশের মঞ্চনাট্যের কিংবদন্তি ও ‘মঞ্চসারথি’ নামে পরিচিত বরেণ্য নাট্যব্যক্তিত্ব আতাউর রহমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন অভিনেতা জাহিদ হাসান। মঙ্গলবার রাজধানীর মগবাজারে ইস্পাহানি সেঞ্চুরি আর্কেডে আয়োজিত প্রথম জানাজায় অংশ নিয়ে তিনি স্মৃতিচারণ করেন এই নাট্যজনকে নিয়ে।
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জাহিদ হাসান বলেন, আতাউর রহমান ছিলেন অসাধারণ জ্ঞানী, গুণী ও পাণ্ডিত্যপূর্ণ মানুষ। তার ভাষায়, ‘তিনি ছিলেন ছোট বাচ্চার মতো সরল ও প্রাণবন্ত। তার যে শূন্যতা তৈরি হলো, তা কখনো পূরণ হওয়ার নয়।’
তিনি আরও বলেন, হুমায়ূন আহমেদের নুহাশ পল্লীতে আতাউর রহমানের সঙ্গে তার অসংখ্য স্মৃতি রয়েছে। ‘আমাকে খুব স্নেহ করতেন, নানা বিষয়ে পরামর্শ দিতেন। বাংলা ও ইংরেজি— দুই ভাষাতেই তার দখল ছিল অসাধারণ, যা আমাদের অনেকেরই নেই,’ বলেন জাহিদ হাসান।
আতাউর রহমানের সাহিত্যবোধের কথাও তুলে ধরেন তিনি। জানান, শেক্সপিয়র ও রবীন্দ্রনাথ বিষয়ে তার গভীর জ্ঞান ছিল। বয়স বাড়লেও তিনি সবসময় শিশুদের মতো সহজ-সরল ও উচ্ছল ছিলেন বলেও মন্তব্য করেন এই অভিনেতা।
এদিকে, আতাউর রহমানের মৃত্যুতে দেশের সাংস্কৃতিক অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। মঙ্গলবার বাদ যোহর তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয় মগবাজারে নিজ বাসভবনের সামনে। জানাজায় ইমামতি করেন তার ছোট ভাই আবু নোমান মামুদুর।
জানাজায় উপস্থিত ছিলেন নাট্যব্যক্তিত্ব মামুনুর রশীদ, নাসির উদ্দীন ইউসুফ বাচ্চু, গাজী রাকায়েতসহ নাটক ও সংস্কৃতি অঙ্গনের বহু মানুষ।
বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সাধারণ সম্পাদক কামাল বায়েজিদ জানিয়েছেন, বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য আতাউর রহমানের মরদেহ রাখা হবে।
তিনি বলেন, ‘আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ঢাকা বিশ্ববিদ্যালয় সফর থাকায় শহীদ মিনারে মরদেহ নেওয়া নিয়ে কিছুটা অনিশ্চয়তা তৈরি হয়েছিল। তবে শেষ পর্যন্ত অনুমতি পাওয়া গেছে।’
বাদ আছর বনানী কবরস্থানে দ্বিতীয় জানাজা শেষে তাকে দাফন করা হবে।
উল্লেখ্য, সোমবার দিবাগত রাত ১১টা ৫০ মিনিটে রাজধানীর পপুলার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন একুশে পদক ও স্বাধীনতা পদকপ্রাপ্ত এই নাট্যব্যক্তিত্ব। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর।


