জাতীয় সংসদের কার্যপ্রণালি বিধির আওতায় না থাকায় রাজশাহী-১ আসনের সংসদ সদস্য মো. মুজিবুর রহমানের উত্থাপিত দুটি বিশেষ অধিকারের নোটিশ খারিজ করে দিয়েছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ। রোববার সংসদ অধিবেশনে স্পিকার এই রুলিং দেন।
মুজিবুর তার প্রথম নোটিশে প্রস্তাব করেছিলেন, অধিবেশনে সম্পূরক প্রশ্ন বা পয়েন্ট অফ অর্ডারের জন্য সদস্যদের হাত তোলার সিরিয়াল নির্ধারণে স্পিকার যেন সামনের টেবিলে দায়িত্বরত স্টাফদের সহযোগিতা নেন।
এর জবাবে স্পিকার জানান, সংসদ সচিবালয়ের কর্মকর্তারা তাকে প্রয়োজনীয় তথ্য দিয়ে সহায়তা করে থাকেন। তবে কার্যপ্রণালি বিধির ৫৪(৩) বিধি অনুযায়ী, সচিবালয় সম্পর্কে সরাসরি সংসদে প্রশ্ন তোলা বিধিসম্মত নয়, এমন পরামর্শ কেবল ব্যক্তিগত চিঠির মাধ্যমে জানানো যেতে পারে।
স্পিকার আরও স্পষ্ট করেন, ১৬৪ বিধিতে এই নোটিশটি নেওয়া সম্ভব নয়।
সাংসদের দ্বিতীয় নোটিশটি ছিল সংসদে এশার নামাজের বিরতি দেওয়া প্রসঙ্গে। এর উত্তরে স্পিকার জানান, সংসদের প্রচলিত রেওয়াজ ও ঐতিহ্য অনুযায়ী কেবল আসর ও মাগরিবের নামাজের বিরতি দেওয়ার নিয়ম রয়েছে। এশার নামাজের জন্য সংসদে বিরতি দেওয়ার কোনো প্রথা নেই।
তিনি বলেন, অধিবেশন চলাকালীন কোনো সদস্য চাইলে এশার নামাজ পড়ে নিতে পারেন, এতে কোনো বাধা নেই। যেহেতু বিষয়টি বিশেষ অধিকার ক্ষুণ্নের আওতায় পড়ে না, তাই ১৬৪ বিধিতে এই নোটিশটিও খারিজ করে দেন স্পিকার।


