ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ত্রৈমাসিক ম্যাগাজিন ‘দল-দীপশিখা’র মোড়ক উন্মোচন করা হয়েছে।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত ও জাতীয় সংগীত পরিবেশন করা হয়। পরে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরসহ আমন্ত্রিত অতিথিরা ম্যাগাজিনটির মোড়ক উন্মোচন করেন।
সভাপতির বক্তব্যে রাকিবুল ইসলাম রাকিব বলেন, ‘এই ম্যাগাজিনে আমরা শহীদ আবু সাঈদের পিতা, শহীদ ওয়াসিমের বোন এবং শহীদ মুগ্ধর পিতার সাক্ষাৎকার সংযোজন করেছি। পাশাপাশি জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের রূপরেখা কীভাবে সংগঠিত হয়েছে, তা নিরপেক্ষভাবে তুলে ধরা হয়েছে।’
তিনি আরও বলেন, ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক তারেক রহমান নতুন ও চলমান শিক্ষার্থীদের অগ্রাধিকার দিয়ে ক্যাম্পাসকেন্দ্রিক নতুন ধারার ছাত্ররাজনীতি চালুর নির্দেশনা দিয়েছেন। সেই ধারাবাহিকতায় সংগঠনটি নতুন নেতৃত্ব গড়ে তোলার কাজ এগিয়ে নিচ্ছে এবং ১ হাজার ৭০০ শিক্ষাপ্রতিষ্ঠানে বর্তমান শিক্ষার্থীদের সমন্বয়ে কমিটি গঠন করেছে।
কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও ম্যাগাজিন প্রকাশনা কমিটির সভাপতি নাছির উদ্দীন নাছির বলেন, ‘প্রাথমিকভাবে আমরা দেশনেত্রী খালেদা জিয়ার হাতেই ম্যাগাজিনটির মোড়ক উন্মোচনের পরিকল্পনা করেছিলাম। কিন্তু তার অসুস্থতা ও অন্যান্য জটিলতার কারণে তা সম্ভব হয়নি।’
নির্বাচন-পরবর্তী পরিস্থিতি নিয়ে তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, ‘স্বাধীনতা-সার্বভৌমত্ববিরোধী শক্তি এখনো উল্লেখযোগ্য ভোট পেয়েছে। তাই বাংলাদেশি জাতীয়তাবাদকে আরও বিস্তৃত করতে ছাত্রদলের ঐক্যবদ্ধ প্রয়াসের বিকল্প নেই।’
তিনি আরও অভিযোগ করেন, বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে ‘মব’ তৈরির অপচেষ্টা চলছে। এ বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল মালুম, সাংগঠনিক সম্পাদক মো. আমানউল্লাহ আমান এবং সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মিনহাজ আহমেদ প্রিন্স।


