পিরোজপুর সদর উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে একটি বিদেশি অস্ত্রসহ তিন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও ৪৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
শুক্রবার পিরোজপুর সদর থানায় এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য জানান পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী।
গ্রেপ্তার আসামিরা হলেন, মো. হাসান ওরফে মেহেদী হাসান, মোহাম্মদ আল-আমিন শেখ ও আলী হোসেন।

পুলিশ সুপার জানান, শুক্রবার ভোরে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলামের নেতৃত্বে পুলিশ পরিদর্শক (তদন্ত) এসআই রাধা রমন ভৌমিকসহ সদর থানার একটি চৌকস দল অস্ত্র, মাদক উদ্ধার ও সন্ত্রাসী গ্রেপ্তারের লক্ষ্যে বিশেষ অভিযান পরিচালনা করছিল। অভিযানের শুরুতে সদর উপজেলার কদমতলা বাজার এলাকা থেকে সন্দেহভাজন হিসেবে মো. হাসান ওরফে মেহেদী হাসান (২৭) ও মোহাম্মদ আল-আমিন শেখকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়।
এ সময় ৩০ হাজার টাকার একটি বিদেশি পিস্তল ও গুলি বিক্রির খবর পায় পুলিশ। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ সদর উপজেলার টোনা ইউনিয়নের তেতুলতলা এলাকায় অভিযান চালায়। এ সময় আলী হোসেন (৪০) নামে এক ব্যক্তির বাড়িতে তল্লাশি চালিয়ে একটি বিদেশি পিস্তল ও ৪৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও জানিয়েছে পুলিশ।


