২০২৫ সালকে চ্যালেঞ্জের বছর হিসেবে দেখলেও দেশের জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম চরকি দর্শকদের জন্য ভিন্নরকম ২৭টি কনটেন্ট মুক্তি দিয়েছে। এক বছরে এত সংখ্যক কনটেন্ট মুক্তি শুধু চরকির জন্য নয়, বরং দেশের কনটেন্ট ইন্ডাস্ট্রির জন্যও একটি নতুন মাইলফলক।
মানবতা, রাজনীতি ও ইতিহাসের নৃশংস সত্য থেকে অনুপ্রাণিত সুকর্ণ সাহেদ ধীমান পরিচালিত চরকি অরিজিনাল সিরিজ ‘ফেউ’ মুক্তি পায় বছরের শুরুতেই। এতে ফিকশনের মাধ্যমে উঠে এসেছে মরিচঝাঁপি গণহত্যার গল্প। দেশীয় সিরিজের ভাষা ও আঙ্গিক তৈরিতে অগ্রগণ্য নির্মাতা সৈয়দ আহমেদ শাওকী পরিচালিত ‘গুলমোহর’ও মুক্তি পায় এ বছর, যা চরকির জন্য তার প্রথম কাজ। পাশাপাশি ২০২৫ সালের মাঝামাঝি আসে দর্শকপ্রিয় চরিত্রকে ঘিরে নির্মিত সিরিজ ‘মাইসেলফ অ্যালেন স্বপন’-এর দ্বিতীয় সিজন।
২০২৫ সালে চরকি আরেকটি ব্যতিক্রমী সিদ্ধান্ত নেয়। ঈদুল আজহায় একসঙ্গে চারটি আলোচিত সিনেমা মুক্তি পায় প্ল্যাটফর্মটিতে। ঈদুল ফিতরে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া ‘বরবাদ’, ‘দাগি’, ‘জংলি’ এবং ‘চক্কর ৩০২’ দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি করলেও সারা দেশে পর্যাপ্ত প্রেক্ষাগৃহ না থাকায় সবাই তা দেখতে পারেননি। দর্শকদের সেই চাহিদা বিবেচনায় নিয়েই একসঙ্গে চার সিনেমা ওটিটিতে মুক্তির সিদ্ধান্ত নেয় চরকি।
চরকির সহ-প্রযোজনায় চারটি আলোচিত সিনেমা প্রথমে প্রেক্ষাগৃহে এবং পরে প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে। এগুলো হলো—মেহজাবীন চৌধুরীর ‘প্রিয় মালতী’, শাকিব খান অভিনীত ও রায়হান রাফী পরিচালিত ‘তান্ডব’, তানিম নূর পরিচালিত জনপ্রিয় সিনেমা ‘উৎসব’ এবং আফরান নিশোর দ্বিতীয় সিনেমা ‘দাগি’। এ ছাড়া চরকিতে মুক্তি পেয়েছে প্রশংসিত সিনেমা ‘দেয়ালের দেশ’, ‘জয়া আর শারমিন’ ও ‘ইনসাফ’।

এ বছর তরুণ ও নবীন নির্মাতা-শিল্পীদের নিয়েও উল্লেখযোগ্য কাজ করেছে চরকি। জাহিদ প্রীতম পরিচালিত অরিজিনাল ফিল্ম ‘ঘুমপরী’-তে অভিনয় করে নজর কাড়েন নবীন শিল্পী পারশা মাহজাবীন। নবীন নির্মাতা মাহমুদা সুলতানা রিমা পরিচালিত ‘লিটল মিস ক্যাওস’-এ অভিনয় করেছেন সাদ সালমি নাওভী, সাদনিমা বিনতে নোমানসহ একঝাঁক তরুণ শিল্পী। চলতি বছরে মুক্তি পাওয়া পাঁচটি ফ্ল্যাশ ফিকশনের অধিকাংশই নির্মাণ করেছেন তরুণ নির্মাতারা। পাশাপাশি পাঁচ তরুণ নির্মাতার পাঁচটি শর্টফিল্মও মুক্তি দিয়েছে চরকি।
স্বাধীন চলচ্চিত্র নির্মাতা প্রসূন রহমান ও কামার আহমেদ সাইমনের কাজ ‘প্রিয় সত্যজিৎ’ এবং ‘একটি সূতার জবানবন্দী’ চলতি বছরেই চরকিতে মুক্তি পেয়েছে। জনপ্রিয় নির্মাতা রায়হান রাফীর চরকি অরিজিনাল ফিল্ম ‘আমলনামা’ এবং শিহাব শাহীন পরিচালিত ‘তোমার জন্য মন’ মুক্তি পায় ২০২৫ সালে।
বছরের শেষ কনটেন্ট হিসেবে মুক্তি পেতে যাচ্ছে ‘মিনিস্ট্রি অফ লাভ’ প্রজেক্টের ষষ্ঠ সিনেমা ‘ডিমলাইট’। শরাফ আহমেদ জীবন পরিচালিত এই সিনেমায় অভিনয় করেছেন মোশাররফ করিম, পারসা ইভানা ও তানজিকা আমিন। সিনেমাটি মুক্তি পাবে ১০ ডিসেম্বর রাত ১২টায়, অর্থাৎ ১১ ডিসেম্বর।
রেদওয়ান রনি বলেন, দেশ-বিদেশে ছড়িয়ে থাকা বিভিন্ন ধরনের বাংলা ভাষাভাষী দর্শকের চাহিদা পূরণে বৈচিত্র্যময় কনটেন্ট দেওয়ার চেষ্টা করেছে চরকি। এই ধারাবাহিকতা আগামীতেও থাকবে। নতুন বছরের জন্যও একাধিক নতুন কনটেন্ট প্রস্তুত হচ্ছে, যেগুলোর ঘোষণা শিগগিরই আনুষ্ঠানিকভাবে দেওয়া হবে বলে জানান তিনি।


