সাতক্ষীরার শ্যামনগরে একটি মৎস্য প্রজেক্টের বাসা থেকে প্রায় ১০ কেজি রান্না করা শিকার নিষিদ্ধ হরিণের মাংস জব্দ করেছে বন বিভাগ। স্থানীয়দের দেওয়া খবরের ভিত্তিতে বন বিভাগের সদস্যরা মঙ্গলবার রাতে উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের চুনা গ্রামের শেখ মিজানুর রহমান বাবুর মৎস্য প্রজেক্টের বাসা থেকে রান্না করা হরিণের মাংস জব্দ করে।
স্থানীয় বাসিন্দা ফজলুল হক বলেন, ‘বাইরের কিছু মানুষ দীর্ঘদিন ধরে বাবু শেখের মাছের প্রজেক্টে কাজ করছিলেন। তারা প্রায়ই মাংস রান্না করেন। কিন্তু কিসের মাংস রান্না করেন তা আমরা জানি না। তবে বনবিভাগের সদস্যরা সেখান থেকে রাতে রান্না করা হরিণের মাংস জব্দ করেছেন।’
প্রজেক্টের মালিক শেখ মিজানুর রহমান বাবু জানান, তার প্রজেক্টে ভেকু মেশিন দিয়ে বেশ কয়েকজন শ্রমিক কাজ করেন। তারা বাইরে থেকে এসেছেন এবং তাদের কাউকে তিনি চেনেন না। ভেকু মালিকদের সঙ্গেই মূলত তার যোগাযোগ। শ্রমিকরা নিজেরা বাজার করে, নিজেরা খাওয়া দাওয়া করেন। তাদের বিষয়ে এর চেয়ে বেশি কিছু মিজানুর রহমান জানেন না।
বন বিভাগের সাতক্ষীরা রেঞ্জের কর্মকর্তা (এসিএফ) মশিউর রহমান জানান, স্থানীয়দের দেওয়া খবরের ভিত্তিতে বনবিভাগের সদস্যরা সেখানে অভিযান চালিয়ে প্রায় ১০ কেজি রান্না করা হরিণের মাংস জব্দ করেছে।
বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।


