পিরোজপুরের কাউখালি প্রান্তে একটি পিকআপ ভ্যানের ধাক্কায় অষ্টম বাংলাদেশ-চীন মৈত্রী সেতুর রেলিং ভেঙে গেছে। তবে, এ ঘটনায় কেউ হতাহত হয়নি। মঙ্গলবার ভোরে পিকআপ ভ্যানটি নিয়ন্ত্রণ হারালে এ ঘটনাটি ঘটে।
স্থানীয়রা জানান, ঝালকাঠির রাজাপুর থেকে একটি পিকআপ ভ্যান পিরোজপুরের দিকে যাচ্ছিল। অষ্টম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু অতিক্রম করার সময় কাউখালি প্রান্তে এসে চালক নিয়ন্ত্রণ হারিয়ে রেলিংয়ে ধাক্কা দেন। এ সময় সেতুর ওই অংশ ভেঙে নিচে পড়ে যায়। ঘটনার পরপরই চালক পিকআপ ভ্যানটি রেখে পালিয়ে যান।

খবর পেয়ে পুলিশ, সড়ক ও জনপদ (সওজ) বিভাগের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে পিকআপ ভ্যানটি জব্দ করে।
কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলায়মান জানান, সেতুটিতে যানবাহন চলাচলের উপযোগী করে দেওয়া হয়েছে। এ বিষয় সড়ক ও জনপদ বিভাগের পক্ষ থেকে বাদী হয়ে সরকারি সম্পদ নষ্টের অভিযোগে বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে।
এ বিষয়ে আমাদের দপ্তর থেকে মামলা করা হয়েছে। এরই মধ্যে সেতুর ক্ষতিগ্রস্ত অংশ মেরামতের কাজ শুরু করা হয়েছে। ওই সেতু দিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানান পিরোজপুর সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী তানভীর আহমেদ।
এর আগে, ২০১৬ সালের আগস্ট মাসে একটি মালবোঝাই কার্গো জাহাজের ধাক্কায় ওই সেতুর পিলার ক্ষতিগ্রস্ত হয়।


