চবিতে চালু হলো চক্রাকার বাস সার্ভিস

চবিতে চালু হলো চক্রাকার বাস সার্ভিস
Advertisement
Advertisement

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) শিক্ষার্থীদের যাতায়াতের জন্য এক নম্বর গেট থেকে জিরো পয়েন্ট পর্যন্ত চারটি বাসের চক্রাকার সার্ভিস স্থায়ীভাবে চালু করা হয়েছে। মঙ্গলবার সকাল ৮টা থেকে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে এ পরিবহনসেবা চালু হয়।

এর আগে, সোমবার রাতে অটোরিকশার ভাড়া বৃদ্ধি এবং পরবর্তীতে হঠাৎ করে গাড়ি চলাচল বন্ধ হয়ে যাওয়ার প্রতিবাদে চক্রাকার বাস চালুর দাবিতে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে অবস্থান কর্মসূচি পালন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) কয়েকজন নেতা। পরে রাত ১টার দিকে সেখানে উপস্থিত হয়ে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মোহাম্মদ আল-আমিন স্থায়ীভাবে চারটি বাস চালুর ঘোষণা দেন।

তিনি বলেন, ‘শিক্ষার্থীদের দাবি ছিল স্থায়ীভাবে চক্রাকার বাস চালু করা।’ রাত হওয়ায় শিক্ষার্থীদের হলে ফিরে যাওয়ার পরামর্শ দিয়ে তিনি বলেন, আগামীকাল থেকে স্থায়ীভাবে চারটি বাস চালু থাকবে।

ঘোষণার পর মঙ্গলবার সকাল ৮টা থেকে চারটি বাস এক নম্বর গেট থেকে জিরো পয়েন্ট এবং জিরো পয়েন্ট থেকে চ রুটে চলাচল শুরু করে। শিক্ষার্থীদের সম্পূর্ণ বিনামূল্যে এ পরিবহন সেবা দেওয়া হচ্ছে।

আরও পড়ুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের যোগাযোগ ও আবাসন সম্পাদক মো. ইসহাক ভূঁঞা বলেন, সকাল ৮টা থেকে চারটি বাস এক নম্বর গেট থেকে জিরো পয়েন্ট পর্যন্ত এলাকায় চলছে। এটি শিক্ষার্থীদের জন্য সম্পূর্ণ বিনামূল্যের সার্ভিস। রাত কয়টা পর্যন্ত চলবে, তা আলোচনার মাধ্যমে নির্ধারণ করা হবে।

বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মো. কামরুল হোসেন বলেন, সকাল থেকে চারটি বাস এক নম্বর গেট থেকে জিরো পয়েন্ট এবং জিরো পয়েন্ট থেকে এক নম্বর গেট রুটে শিক্ষার্থীদের আনা-নেওয়া করছে। এটা সম্পূর্ণ ফ্রি সার্ভিস। এই ব্যবস্থা মোটামুটি স্থায়ী করা হয়েছে। পরবর্তীতে শিক্ষার্থীদের যৌক্তিক দাবি যেটা হয়, সেটা হবে।

এদিকে বিশ্ববিদ্যালয়ের বড় বাসের দায়িত্বে থাকা শাকিল জানান, প্রশাসকের নির্দেশনায় মঙ্গলবার সকাল ৮টা থেকে বাসগুলো চলাচল করছে। তবে কতক্ষণ পর্যন্ত বাস চলবে সে বিষয়ে তাকে নির্দিষ্ট কোনো সময় জানানো হয়নি।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর