চট্টগ্রাম নগরের সাগরিকা ফ্লাইওভার থেকে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার রাত সাড়ে ৩টার দিকে নগরের বিএসআরএম ডিপো সংলগ্ন ফ্লাইওভার এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত যুবকের নাম আবু কাউসার (২৭) বলে জানিয়েছে পুলিশ। তার বাড়ি পশ্চিম ফিরোজশাহ এলাকায়। তিনি বিএসআরএম কারখানায় পাহারাদার হিসেবে কাজ করতেন।
পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল আবছার বলেন, ‘স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।’
পরিবারের সদস্যদের বরাতে ওসি নুরুল আবছার জানান, আবু কাউসার দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন এবং মানসিক সমস্যায় ভুগছিলেন। তার শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিকভাবে পুলিশের ধারণা, তিনি আত্মহত্যা করে থাকতে পারেন। তবে ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।
এদিকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের চট্টগ্রাম মহানগরের সাবেক কয়েকজন নেতা মঙ্গলবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দাবি করেন, নিহত ব্যক্তির নাম কাউসার আহমেদ। তারা তাকে আকবর শাহ থানা ছাত্রলীগের মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক হিসেবে পরিচয় দেন। তাদের অভিযোগ, কাউসারকে পরিকল্পিতভাবে হত্যা করে তার মরদেহ ফ্লাইওভারে ঝুলিয়ে রাখা হয়েছে।
তবে এ অভিযোগ নাকচ করে ওসি নুরুল আবছার বলেন, পরিবারের সদস্যরা নিহত ব্যক্তির নাম আবু কাউসার বলে জানিয়েছেন। তারা কোনো রাজনৈতিক সংগঠনের সঙ্গে তার সম্পৃক্ততার কথাও জানাননি।
পুলিশ জানিয়েছে, ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় পাহাড়তলী থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।


