ঘোষণাটা তামিম ইকবাল দিয়েছিলেন বাংলাদেশ-নিউজিল্যান্ডের ওয়ানডে সিরিজ চলাকালীন, মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের প্রেসবক্সে। চট্টগ্রামের টি-টোয়েন্টি সিরিজ থেকে বল বয় ঐতিহ্য ফেরাতে চান বিসিবির সভাপতি।
সেই ধাবারাবিহকতায় ২২ জন বল বয় থাকছে সোমবার চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টির বাউন্ডারি লাইনে।যদিও বিসিবির তরফ থেকে তাদের বলা হচ্ছে ‘ফিউচার স্টার্স’। পুরো সিরিজেই সুযোগ দেয়া হবে তাদের। একটা সময় অবশ্য বাউন্ডারি লাইনে নিয়মিতই দেখা যেত তাদের, তবে দীর্ঘদিন থেকেই বন্ধ ছিল এই নিয়ম।

বিসিবি সূত্রে জানা গেছে, ২২ জনকে পালাক্রমে ম্যাচজুড়ে সুযোগ দেয়া হবে বাউন্ডারি থেকে বল কুড়িয়ে মাঠে ফেরত দেয়ার। ডিপ থার্ডম্যান, ডিপ স্কয়ার লেগ, ডিপ মিড উইকেট, এক্সট্রা কভার-সহ মাঠের নির্ধারিত কিছু বাউন্ডারি রিজিওনে জোড়ায় জোড়ায় বসে থাকতে দেখা গেছে বল বয়দের।
এ নিয়ে সোমবার নিজের ফেসবুক পেইজে সাবেক অধিনায়ক তামিম লেখেন, ‘বল বয় শব্দটা ব্যক্তিগতভাবে কখনোই খুব একটা ভালো লাগত না আমার। ওরাই আমাদের ভবিষ্যৎ, তাই আমি ওদেরকে বলতে চাই “ফিউচার স্টার্স।” আশা করি, এই খুদে ক্রিকেটাররা ওদের প্রিয় ক্রিকেটারদের কাছ থেকে দেখে অনুপ্রাণিত হবে, ওদের স্বপ্নের সীমানা বড় হবে এবং একদিন বাংলাদেশের হয়ে খেলবে।’
এক সময় তামিম নিজেও বল বয় হিসেবে দায়িত্ব পালন করেছেন। সেই স্মৃতিচারণ করে তিনি আরো লেখেন, ‘আমিও একসময় ওদের মতোই ছিলাম — আমিও ছিলাম একজন ‘বল বয়।’


