গাজীপুরে শ্রীপুরের গভীর জঙ্গলে প্রায় ১২টি ঘোড়া জবাই করে মাংস নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। জবাই করা ঘোড়াগুলোর মাথা, চামড়া, পা ও হাড় জঙ্গলে ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
সোমবার ভোরে উপজেলার গোসিংগা ইউনিয়নের নয়াপাড়া ও আশপাশের গভীর জঙ্গলে স্থানীয়রা ঘোড়ার মাথা, চামড়া ও হাড় পড়ে থাকতে দেখেন। পরে বিষয়টি জানাজানি হলে ঘটনাস্থলে ভিড় করেন স্থানীয় বাসিন্দারা।
স্থানীয়দের ধারণা, রাতের অন্ধকারে জঙ্গলের ভেতরে ঘোড়াগুলো জবাই করে মাংস নিয়ে গেছে একটি চক্র। তবে মাংস কোথায় নেওয়া হয়েছে কিংবা কী উদ্দেশ্যে ঘোড়াগুলো জবাই করা হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
স্থানীয় ইউপি সদস্য সুমন প্রধান জানান, ভোরে খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়ে বেশ কয়েকটি ঘোড়ার মাথা ও হাড় পড়ে থাকতে দেখেছেন। কারা এভাবে ঘোড়াগুলো জবাই করেছে, তা তদন্ত করে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান তিনি।
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক দেখা দিয়েছে। তাদের আশঙ্কা, ঘোড়াগুলোর মাংস কোনোভাবে বাজারে সরবরাহ করা হয়ে থাকতে পারে। তবে ঘোড়ার মাংস কোথাও বিক্রি বা সরবরাহ করা হয়েছে—এমন কোনো তথ্য এখনো নিশ্চিত হওয়া যায়নি।
ঘটনাটি ঘিরে স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন দেখা দিয়েছে। জবাই করা ঘোড়াগুলোর মাংস কোথায় নেওয়া হয়েছে এবং এর সঙ্গে কোনো সংঘবদ্ধ চক্র জড়িত কি না, তা তদন্তের মাধ্যমে বের করার দাবি জানিয়েছেন এলাকাবাসী।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর আলম জানান, জঙ্গলের ভেতরে অনেকগুলো ঘোড়া জবাই করার বিষয়টি স্থানীয়দের কাছ থেকে জানতে পেরে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি বন কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকেও জানানো হয়েছে।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. আশরাফ হোসেন জানান, ঘটনাস্থলে গিয়ে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ঘোড়াগুলো কোথা থেকে আনা হয়েছিল, কারা জবাই করেছে এবং মাংস কোথায় নেওয়া হয়েছে—এসব বিষয় তদন্ত করে জড়িতদের শনাক্তের চেষ্টা করা হবে।


