২০২৫ সালে কানাডার নাগরিকদের জন্য সবচেয়ে বেশি উদ্বেগের বিষয় ছিল জীবনযাত্রার ব্যয় এবং স্বাস্থ্যসেবা। এই সময়ে দেশটিতে আরেকটি আলোচিত ঘটনা ছিল কানাডা-যুক্তরাষ্ট্র সম্পর্কের অবনতির বিষয়।
আইপপস জরিপের বরাত দিয়ে গ্লোবাল নিউজের খবরে এই তথ্য উঠে এসেছে।
আইপসস পাবলিক অ্যাফেয়ার্সের সিইও ড্যারেল ব্রিকার গ্লোবালকে বলেন, ‘২০২৫ সালে কানাডিয়ানরা সবচেয়ে বেশি মনোযোগ দিয়েছে জীবিকা নির্বাহের খরচের ওপর। তারপরই এসেছে স্বাস্থ্যসেবা। যার দ্বারা বোঝা যায়, কানাডিয়ানরা এ খাত নিয়ে মোটেই সন্তুষ্ট নয়।’
জরিপে অংশগ্রহণকারী ৪১ শতাংশ ব্যক্তি বলেছেন, জীবনযাত্রার খরচ সবচেয়ে গুরুত্বপূর্ণ সমস্যা, এরপর স্বাস্থ্যসেবা ৩৮ শতাংশ।
পরবর্তী গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে ২৮ শতাংশ মানুষ উল্লেখ করেছেন অর্থনীতি এবং ২৭ শতাংশ বলেছেন আবাসন সমস্যার কথা।
ব্রিকার বলেন, এই ফলাফল দেখায় যে যুব সমাজ সবচেয়ে বেশি জীবিকা ও বাসস্থানের বিষয়ে চাপ অনুভব করছে।
রাজনৈতিক দিক থেকে জরিপ বিশ্লেষণ করলে দেখা যায়, লিবারাল এবং কনজারভেটিভ দল উভয়েই শীর্ষ ১০ সমস্যার পাঁচটিতে সবচেয়ে শক্তিশালী মনে হয়েছে। কনজারভেটিভরা জীবিকা সংক্রান্ত উদ্বেগে সামান্য এগিয়েছিল। আর লিবারালরা স্বাস্থ্যসেবা ও অর্থনীতিতে বেশি পছন্দনীয় মনে হয়েছে।
‘সাধারণত দেখা যায়, যে দল নির্বাচনে জেতে, সেটিই সবচেয়ে গুরুত্বপূর্ণ সমস্যায় ভালো কাজ করছে বলে মনে হয়। তবে শেষ নির্বাচনে তা ঘটেনি। জীবিকা সর্বোচ্চ গুরুত্বপূর্ণ ছিল, কনজারভেটিভরা এগিয়েছিল, কিন্তু লিবারালরা জিতেছে’, যোগ করেন ব্রিকার।


